তিন আসামির ফাঁসি একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকার আলোচিত শিশু হোসেন খান (৭) অপহরণ ও হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আরেকজনকে বেকসুর খালাস দেওয়া হয়।ফাঁসির আদেশপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ ৫২ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফাতেমা নজীব গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: পাগাড় এলাকার তাজুল ইসলামের ছেলে আমীর হোসেন (১৮), পাগাড় পশ্চিমপাড়া এলাকার আরব আলীর ছেলে নূরে আলম (১৮) ও একই এলাকার মৃত লুক মিয়ার ছেলে মো. রিপন (২১)। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে টঙ্গীর পাগাড় এলাকার আ. আজিজের ছেলে জসীম উদ্দিনকে (২০)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পূর্ব গোপালপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে আলাউদ্দিনকে বেকসুর খালাস দেন আদালত।মামলার বিবরণে জানা যায়, টঙ্গীর নূর মুহাম্মদ খান একাডেমির কেজি শ্রেণীর ছাত্র ও টঙ্গীর পাগাড় এলাকার মো. ফিরোজ খানের সাত বছরের ছেলে হোসেন খান গত বছরের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয়। ওই দিন সে আর বাসায় ফিরে আসেনি। পরিবারের লোকজন দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রাত সোয়া আটটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে ফিরোজ খানের ভাতিজা সোহেল খানের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় শিশুটির বাবা ফিরোজ খান বাদী হয়ে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং আমীর হোসেনসহ ছয়জনের নামে একটি অপহরণ মামলা করেন।বিষয়টি র‌্যাব-১-এর সদস্যদের জানালে তাঁরা বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় পাগাড় এলাকা থেকে আমীর হোসেন, মো. নূরে আলম, মো. জসীম উদ্দিন, মো. খোকন মিয়াকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের স্বীকারোক্তিতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের স্বীকারোক্তি মোতাবেক গত বছরের ১৩ সেপ্টেম্বর স্কুলছাত্র মোহাম্মদ হোসেন খানের গলিত লাশ স্থানীয় পাগাড় সোসাইটি মাঠসংলগ্ন একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। মামলার তদন্ত শেষে টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আবুল মুনসুর পাঁচজনকে অভিযুক্ত করে ২৯ জানুয়ারি গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল রায় ঘোষণা করা হয়।মামলার বাদীপক্ষে ছিলেন বিশেষ পিপি মো. শাহজাহান, আসামিপক্ষে ছিলেন আলী আকবর। মামলার রায়ে বাদীপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হয়নি। তারা মামলার সব আসামির ফাঁসি দাবি করে।