সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দোকান ব্যবসায়ী সোনা মিয়া হত্যা মামলার রায়ে অভিযুক্ত তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. নাজির আহমেদ এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন, গোলাপগঞ্জ উপজেলার কালীজুড়ি গ্রামের আবদুল মান্নান (৩৭), বাগিরঘাটের হারুন মিয়া (৪০) ও ঢাকা দক্ষিণের ইসলামপুরের মাসুক মিয়া ওরফে কচির (৩৫)। এর মধ্যে মাসুক পলাতক।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গোলাপগঞ্জের কালীজুড়ি গ্রামের ব্যবসায়ী সোনা মিয়া (৪৫) ২০০৩ সালের ২৯ জুন সকালে ব্যবসায়িক কাজে সিলেট যাওয়ার পথে হিলালপুরের কাছে অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় নিহত সোনা মিয়ার ভাই আসহাবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্তে নেমে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আবদুল মান্নান ও হারুন মিয়াকে আটক করে।আটক দুজনই হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে মান্নান ও হারুনের সঙ্গে মাসুককে অভিযুক্ত করে ২০০৫ সালের ১৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শফিকুল আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ১৬ নভেম্বর আদালতে অভিযোগ গঠন হয়। মামলার মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় মামলার বাদী ছোট ভাই আসহাবুর রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে জানান।