জাসদের নেতা কাজী আরেফ আহমেদসহ পাঁচজনকে হত্যার মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ১০ আসামিকে খালাসের হাইকোর্টের রায়ও বহাল রাখা হয়েছে।এ ছাড়া তিন আসামির করা লিভ টু আপিল (আপিলের অনুমতি আবেদন) এবং ১০ আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।আপিল বিভাগের আদেশে যে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয় তাঁরা হলেন: ইলিয়াস ওরফে ইলাচ, রাশেদুল ওরফে ঝন্টু ও আনোয়ার হোসেন। গারেস সরদার, তাসির উদ্দিন, আজগর জমাদ্দার, নজরুল ইসলাম, ওয়ালিউর রহমান, একুব্বার, টিক্কা ওরফে জব্বার, লাভলু, ফিরোজ ওরফে ফরো ও নুরুজ্জামান ওরফে লাল্টুকে খালাসের আদেশ বহাল রাখা হয়েছে।আদালতে আসামিদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজউদ্দিন ফকির মামলা পরিচালনা করেন।মমতাজউদ্দিন ফকির পরে প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের রায়ে ১১ আসামির যাবজ্জীবন ও ১০ জনের মৃত্যুদণ্ডের আদেশ হয়। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচজন হাইকোর্টে আপিল করেন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর পাঁচজন পলাতক। আপিল করা পাঁচজনের মধ্যে হাইকোর্ট চারজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং অপরজনকে খালাস দেন। মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকা চারজনের মধ্যে তিনজন আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগ গতকাল তা খারিজ করেন। ফলে ওই তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকছে।মমতাজউদ্দিন ফকির আরও বলেন, যাবজ্জীবনপ্রাপ্ত ১১ জন আসামি হাইকোর্টের রায়ে খালাস পান। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। এর মধ্যে ১০ জনের বিষয়ে করা আবেদন গতকাল খারিজ হয়। ফলে ওই ১০ জনের খালাসের আদেশ বহাল রইল। এ ছাড়া নিম্ন আদালতে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ও হাইকোর্টে খালাস পাওয়া সাহির উদ্দিন এবং নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ও হাইকোর্টে খালাস পাওয়া রাফাত ওরফে রাফার বিষয়ে আজ সোমবার আদেশ দেওয়ার কথা।জানা যায়, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জাসদের এক সমাবেশে সন্ত্রাসীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলে জাসদের কেন্দ্রীয় নেতা কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় নেতা ইসরাইল হোসেন ও শমসের নিহত হন। পরদিন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক আলী বাদী হয়ে দৌলতপুর থানায় এ ব্যাপারে একটি মামলা করেন। ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়ার ১ নম্বর অতিরিক্ত দায়রা জজ ফজলুর রহমানের আদালত এ মামলার রায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।