কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকার ব্যবসায়ী আহসান হাবিব ওরফে সুমু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিকে গতকাল শনিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে৷ আজ রোববার এই রিমান্ডের আবেদন মঞ্জুর হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
আদালত সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণুর আদালতে তিন আসামিকে হাজির করা হয়। তাঁরা হলেন মামলার প্রধান আসামি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ ওরফে রাসেল, ৯ নম্বর আসামি সাইফুল ইসলাম ও সন্দেহভাজন আসামি শওকত৷ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে বিচারক কোনো সিদ্ধান্ত না জানিয়ে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, গত শুক্রবার বিকেলে রাজধানীর মৌচাক আনারকলি মার্কেট থেকে মামলার প্রধান আসামি সালেহ আহমেদ ও ৯ নম্বর আসামি সাইফুল ইসলাম এবং উত্তরা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালেহ আহমেদ কোনো কিছু স্বীকার করেননি।
গত ২৯ মে মুন্সেফবাড়ি এলাকায় গুলি করে ব্যবসায়ী আহসান হাবিবকে হত্যা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা; যার নেতৃত্বে ছিলেন সালেহ আহমেদ৷ এ ঘটনায় ব্যবসায়ী আহসান হাবিবের ভাই হাবিবুছ সায়েরীন ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।