তিন ইউটার্নেই সড়ক স্থবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামলী থেকে টেকনিক্যাল মোড়ের এই চিত্র প্রতিদিন সকালের। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের৷ গতকাল শ্যামলী ফুটওভার ব্রিজ থেকে তোলা ছবি l প্রথম আলো
শ্যামলী থেকে টেকনিক্যাল মোড়ের এই চিত্র প্রতিদিন সকালের। দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের৷ গতকাল শ্যামলী ফুটওভার ব্রিজ থেকে তোলা ছবি l প্রথম আলো

দারুস সালাম, কল্যাণপুর ও কলেজগেট—তিন জায়গাতেই আছে যানবাহন ঘোরানোর জন্য ইউটার্ন। অন্য পাশের সড়কে যানবাহনের চাপ থাকায় এসব ইউটার্নে যানবাহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। পেছনে যানজটে আটকা পড়ছে গাবতলী, মিরপুর থেকে আসা যানবাহন। ফলে দিনের বেশির ভাগ সময় টেকনিক্যাল মোড় থেকে কলেজগেট পর্যন্ত সড়কের এক পাশে তীব্র যানজট লেগেই থাকছে।
এসব ইউটার্নের সঙ্গে যুক্ত হয়েছে সড়কে অবৈধ পার্কিং, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, সড়কের দুই পাশে থাকা ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা যানবাহনের সারি। যানজটের কারণে টেকনিক্যাল থেকে কলেজগেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিতে কখনো কখনো এক থেকে দেড় ঘণ্টা সময় লাগছে।
মিরপুর ১ নম্বর, টোলারবাগ, আনসার ক্যাম্প, কল্যাণপুর, আদাবর, শ্যামলীর মতো এলাকার বাসিন্দাদের যাতায়াতের প্রধান পথ এটি। অফিসগামী লোকজন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিয়মিত যাতায়াত করা যাত্রীরা যানজটের কারণে দুর্ভোগের শিকার হচ্ছে।
মোহাম্মদপুর-রিং রোড থেকে আসা আবদুল্লাহপুর, মহাখালীগামী যানবাহনগুলো কল্যাণপুর ও শ্যামলীর মাঝামাঝি স্থানে ইউটার্ন নেয়। ফলে কল্যাণপুর হয়ে আসা যানবাহনগুলোকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। কল্যাণপুর, শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় এলোমেলোভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলায় বিশৃঙ্খলা লেগেই থাকে।
শিশুমেলা-সংলগ্ন মোড়ের কারণে যানজট আরও তীব্র হয়। মহাখালী, গুলশান থেকে আসা যানবাহন আগারগাঁও সংযোগ সড়ক দিয়ে এসে এই মোড় দিয়ে বের হয়। মহাখালী, গুলশানগামী যানবাহনগুলো এই মোড় দিয়ে আগারগাঁও সড়কে প্রবেশ করে। আসাদগেট, আজিমপুরগামী সোজা পথের যানবাহনের চাপ তো থাকেই। ফলে এই মোড়ে তৈরি হচ্ছে দুর্বিষহ যানজট। এই পথের নিয়মিত যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ফেরদৌস নাবিল বলেন, আগে মিরপুর ১ নম্বর থেকে কলেজগেট আসতে বড়জোর ১৫ মিনিট লাগত। এখন এই পথটুকু পার হতেই এক ঘণ্টার বেশি লেগে যায়। টেকনিক্যাল মোড় থেকে শিশুমেলা পর্যন্ত গাড়ি নড়তেই চায় না।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) লিটন কুমার সাহা বলেন, দারুস সালাম ও কল্যাণপুরে ইউটার্ন থাকার কারণে সব সময় যানজট লেগে থাকে। গত কয়েক দিন এই যানজট খুব তীব্র ছিল। ইউটার্নগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে। তাতে যানজট কিছুটা কমতে শুরু করেছে।