তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে আলফাডাঙ্গা পৌরসভা গঠিত হয়েছে। এদিকে ৩১ মার্চ আলফাডাঙ্গার সব ইউনিয়নেই নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে সীমানাসংক্রান্ত জটিলতার কারণে ওই তিনটি ইউনিয়নের নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে। এর মধ্যে আলফাডাঙ্গা ইউনিয়নের আলফাডাঙ্গা, মিঠাপুর ও ইছাপাশা মৌজা; বুরাইচ ইউনিয়নের বুরাইচ ও হিদাডাঙ্গা মৌজা এবং গোপালপুর ইউনিয়নের নওয়াপাড়া ও বকাইল নগরকান্দা মৌজা নিয়ে আলফাডাঙ্গা পৌরসভা গঠন করা হয়েছে। এই পৌরসভার আয়তন ১১ দশমিক ৮৮ বর্গকিলোমিটার ও লোকসংখ্যা ৫০ হাজার ২৮১ জন। জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির (নিকার) সভায় গতকাল সোমবার আলফাডাঙ্গাকে পূর্ণাঙ্গ পৌরসভা হিসেবে ঘোষণা দেওয়া হয়।
ইউএনও মোহাম্মদ আবুল খায়ের বলেন, ২০১৪ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আলফাডাঙ্গা পৌরসভা গঠনের প্রস্তাব পাঠানো হয়েছিল। গতকাল নিকারের সভায় তা অনুমোদিত হয়েছে।
ইউএনও আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত ইউপি নির্বাচনের তফসিল অনুযায়ী আলফাডাঙ্গার ছয়টি ইউনিয়নেই নির্বাচন হওয়ার কথা ৩১ মার্চ। কিন্তু উপজেলার তিনটি ইউনিয়নের কিছু এলাকা নিয়ে নতুন পৌরসভা গঠিত হয়েছে। এ জন্য ওই তিনটি ইউনিয়নে চলমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করার উদ্যোগ নেওয়া হবে। কেননা, ইউনিয়নের সীমানা পুনরায় নির্ধারণ না করা পর্যন্ত এই ইউনিয়নগুলোতে নির্বাচন করা সম্ভব নয়। এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন স্থগিত করার সুপারিশ করে চিঠি পাঠানোর কথা।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেছেন, পৌরসভা ঘোষণা এবং তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত করার বিষয়ে তাঁর কিছু জানা নেই। এদিকে ওই তিনটি ইউনিয়নের নির্বাচন আয়োজনে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বুরাইচ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকিবুল হাসান বলেন, নির্বাচন স্থগিত হওয়া হবে একটি হতাশাজনক সিদ্ধান্ত। তিনি ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান ও পরে পৌরসভার সীমানা ঠিক করার দাবি জানান।
আলফাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, নির্বাচন স্থগিত করা হয়েছে—এ জাতীয় কোনো চিঠি তাঁরা পাননি। তাই তাঁর ধারণা, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হবে। তিনি আরও বলেন, তবে নির্বাচন স্থগিত হতে পারে—এ খবর শুনে কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।