তিন ইউপির নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত সহিংসতার কারণে বরগুনার পাথরঘাটা উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এসব ইউনিয়নে ২৯ মার্চ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন কার্যালয়ের উপসচিব মিহির সরোয়ার মোর্শেদ গতকাল রোববার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে মৌখিকভাবে নির্বাচন স্থগিত রাখার কথা জানান।একই সঙ্গে নাচনাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী জনসভায় ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার বেলা তিনটায় নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী রাহমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই জনসভায় স্থানীয় সাংসদ গোলাম সবুরের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই আদেশ জারি করে।জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান এ খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলার অবনতি দেখা দেওয়ায় সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হতে পারে—এমন আশঙ্কায় নির্বাচন কমিশন পাথরঘাটার চরদুয়ানি, পাথরঘাটা সদর ও কাঁঠালতলী ইউনিয়নের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।জানা গেছে, গত শুক্রবার সারা দিন পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলামের সমর্থকদের সঙ্গে হাফিজ উদ্দীন আহম্মদের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হন। পরবর্তী সময়ে ওই ঘটনার জের ধরে ওই দিন বিকেলে পার্শ্ববর্তী ইউনিয়ন কাঁঠালতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান ও শহিদুল ইসলামের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দুই ব্যক্তি গুরুতর জখম হন।