তিন ইটভাটা বন্ধ, জেল ও জরিমানা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় তিনটি ইটভাটা বন্ধ করে দিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এসব ইটভাটায় অভিযান চালানো হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা নির্বাহী হাকিম রোমেন শর্মার নেতৃত্বে গতকাল বিকেলে মুক্তাগাছার বিরাশিয়া বাজার এলাকায় অবস্থিত এসএমবি ব্রিকস নামের একটি ইটভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ ‘ড্রাম চিমনি’ ব্যবহারের অভিযোগে ইটভাটাটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ভাটার মালিক মো. মনিরুজ্জামান তারাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান। পরে ভ্রাম্যমাণ আদালত কলাদিয়া খামারের বাড়ি এলাকায় তুযা ব্রিকস ও বারোকাহনিয়া খামারের বাড়ি এলাকায় আরবিএম ব্রিকসে অভিযান চালান। এ সময় তুযা ইটভাটাকে দুই লাখ টাকা ও আরবিএম ব্রিকস নামের ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে আরবিএম ব্রিকসের মালিক রাশেদুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। নিষিদ্ধ ড্রাম চিমনি ব্যবহার, কৃষিজমিতে ইটভাটা নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সড়ক ব্যবহার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ভাটা স্থাপনের দায়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক নুর আলম ও সহকারী পরিচালক সুলতানা। এ ছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী হাকিম রোমেন শর্মা বলেন, জরিমানা করা ইটভাটাগুলো ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছেন। আইন অমান্যকারী ইটভাটার বিরুদ্ধে নিয়মিত এ রকম অভিযান চলবে।