তিন উপজেলা প্রশাসনের দায়িত্বহীনতার কারণে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনটি উপজেলা প্রশাসনের দায়িত্বহীনতার কারণে একটি সেতু না হওয়ায় মাদারীপুরের কালকিনি, শরীয়তপুরের গোসাইরহাট ও বরিশালের মুলাদী উপজেলার সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে দেখা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) আউলিয়ারচর, গোসাইরহাটের নাগেরপাড়া ইউপির গজারিয়া ও মুলাদীর ছবিপুর ইউপির টোংচর-চাকলা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত চারটি খালের সংযোগস্থলে কাঠের একটি ভাঙা সেতু চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে।এলাকাবাসী জানান, এ চারটি খালের পানি দিয়ে বোরো ধানের শতাধিক ব্লকে সেচ দেওয়া হয়। এ কারণে খালগুলোর পানি তাঁদের খুবই দরকার। কিন্তু চারটি খালের সংযোগস্থলে কোনো সেতু না থাকায় তিনটি জেলার সীমান্তবর্তী এলাকার কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে এক পারের মানুষ অন্য পারের ফসল আনা-নেওয়া করতে দুর্ভোগে পড়েন। তিনটি জেলা সীমান্তের কাছে হওয়ায় প্রশাসনিক দায়িত্ব নিয়ে কেউ সেতুটি নির্মাণ করার চিন্তা করে না। গোসাইরহাট উপজেলা প্রশাসন কয়েক বছর আগে কাঠের একটি সেতু নির্মাণ করলেও তা এখন ব্যবহারের অনুপযোগী ও ধ্বংসপ্রায়।এ ব্যাপারে স্থানীয় রহমান সরদার, সেকান ভুঁইয়া, মালেক বেপারী ও খোকন বেপারী বলেন, ‘আমরা গ্রামবাসী বড়জোর চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাতে পারি। তাঁরা যদি খালগুলোর ওপরে একটা পাকা সেতু নির্মাণ করে তিনটি জেলাকে একত্র করার ব্যবস্থা না করতে পারেন, আমাদের কী করার আছে? বর্ষাকালে ছেলেমেয়েদের স্কুলে পাঠানো যায় না।’নাগেরপাড়া ইউপির চেয়ারম্যান এনায়েতুল করিম বলেন, ‘আমার ইউনিয়নে একটি অংশ থাকায় কাঠের একটি পুল নির্মাণ করেছিলাম। এখন তা-ও ভেঙে গেছে। বর্ষার আগেই ওখানে একটা সেতু নির্মাণ করা না হলে সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে।’বরিশালের ছবিপুর ইউপির চেয়ারম্যান শাহাজাদা মুন্সী জানান, এখানে একটি সেতুর অভাবে কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত কষ্ট করছে। বর্ষাকালে ছোট বাচ্চারা খাল দিয়ে সাঁতরিয়ে স্কুল-কলেজে যাতায়াত করে।কালকিনির বাঁশগাড়ী ইউপির চেয়ারম্যান জাকির হোসেন ঢালী জানান, তিনটি জেলার সংযোগস্থল হওয়ায় সেখানে সেতু নির্মাণ করা জরুরি।কালকিনি উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে সেতুর ব্যাপারে কেউ আবেদন করেনি। তাই এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে যতদ্রুত সম্ভব সেখানে একটি সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।’