তিন উপজেলা হরতালের আওতামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাসমেলা উপলক্ষে ৬ নভেম্বর দিনাজপুর সদর, কাহারোল ও বীরগঞ্জ উপজেলা হরতালের আওতামুক্ত থাকবে। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. আনোয়ারুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট অমলেন্দু ভৌমিক জানান, ৬ নভেম্বর রাতে ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে রাস উৎসব ও মেলা শুরু হবে। প্রায় ৩০০ বছর ধরে মন্দিরে রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্তরা এসে রাস উৎসব ও মেলায় যোগ দেন। রাস উৎসবের রাতে মেলায় দুই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বলে তিনি জানান।
রাজ দেবোত্তর এস্টেটের নির্বাহী সদস্য ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ জানান, রাসমেলা ও উৎসবে যোগ দিতে পুণ্যার্থীদের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য মন্দির ও মেলা পরিচালনাকারীদের পক্ষ থেকে গত রোববার রাতে দিনাজপুর জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে ৬ নভেম্বর দিনাজপুরকে হরতালের আওতামুক্ত রাখার অনুরোধ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকালে দলটির জেলা আমির মো. আনোয়ারুল ইসলাম ফোন করে রাসমেলা ও উৎসবের দিন ৬ নভেম্বর দিনাজপুর সদর, বীরগঞ্জ ও কাহারোল উপজেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে নিশ্চিত করেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে রাসমেলায় আসতে ইচ্ছুক পুণ্যার্থীদের বহনকারী গাড়ি বা যানবাহনে রাসমেলায় আসার ব্যানার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।