
তফসিল ঘোষণার পর নেত্রকোনায় পৌরসভা নির্বাচন সামনে রেখে নড়েচড়ে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা। গতকাল শনিবার পর্যন্ত তিনটি পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে স্থানীয় বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী তালিকা কাল সোমবারের মধ্যে চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হবে।
জেলা নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্র জানায়, নেত্রকোনা, মোহনগঞ্জ, দুর্গাপুর, কেন্দুয়া ও মদন— পাঁচটি পৌরসভায়ই ভোট হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বলেন, তাঁরা নতুন করে গ্রেপ্তার-আতঙ্ক এবং আগের করা মামলায় গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করছেন। তবে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের আশায় প্রার্থী দেওয়া হচ্ছে। গতকাল জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেত্রকোনা পৌরসভায় জেলার সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদুর প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। একই দিন দুর্গাপুরে সাবেক ছাত্রদল নেতা জামাল উদ্দিনকে এবং গত শুক্রবার মোহনগঞ্জের মেয়র মাহাবুবুন্নবী শেখকে সেখানকার প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। বাকি দুটি পৌরসভায় এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, এবার নেত্রকোনা পৌরসভায় দল থেকে মনোনয়ন পেতে মেয়র পদে আটজন সম্ভাব্য প্রার্থী তৎপরতা চালাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ছোট ভাই জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মাসুদ খান, নেত্রকোনা নাগরিক আন্দোলনের সভাপতি খানে আলম খান, সাবেক সাংসদ ফজলুর রহমান খানের মেয়ে জেলা যুব মহিলা লীগের সভাপতি হাবিবা রহমান খান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খানের মেয়ে বাংলাদেশ মহিলা যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অর্পিতা খানম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আশরাফ আলী খান গতকাল শনিবার বলেন, পাঁচটি পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত নেওয়া হচ্ছে। তাঁদের মধ্য থেকে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কাল সোমবারের মধ্যে কেন্দ্রে পাঠানো হবে।
নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, ‘দীর্ঘদিন ধরে অনুন্নত এ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে একযোগে উন্নয়নকাজ শুরু করেছি। আমি আশাবাদী, এসব কাজ শেষ করতে পৌরবাসী অবশ্যই আরেকবার আমাকে সুযোগ দেবেন।’
সম্ভাব্য প্রার্থী মাসুদ খান বলেন, ‘দল হচ্ছে জনগণের। রাজনীতি করি জনগণের কল্যাণে। তাই পৌর এলাকার উন্নয়ন ও পৌরবাসীর সেবায় দলীয় মনোনয়নের আশায় আছি।’
অর্পিতা খানম বলেন, ‘নারীরা পুরুষের চেয়ে পিছিয়ে নেই। এর প্রমাণ আমাদের প্রধানমন্ত্রী। একজন নারী প্রার্থী হিসেবে অবশ্যই দলীয় মনোনয়ন পেতে পারি। জনগণও আমাকে সমর্থন দিচ্ছে।