তিন উপজেলায় ব্যাপক লোডশেডিং, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী, সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জের দিরাই উপজেলায় কয়েক দিন ধরে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং দেওয়া হচ্ছে। পবিত্র রমজানেও এত লোডশেডিংয়ে রোজাদারসহ এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

সরিষাবাড়ী (জামালপুর): গত তিন দিন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ধরে সরিষাবাড়ী পৌর এলাকায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। এলাকাবাসী জানান, সেহিরর সময় শুরু হওয়ার এক ঘণ্টা আগেই বিদ্যুৎ চলে যায়। সেহির শেষ হওয়ার কয়েক মিনিট আগে বিদ্যুৎ দেওয়া হয়। ইফতারির সময়ও বিদ্যুৎ চলে যাচ্ছে। দিনে প্রতি ঘণ্টায় তিন থেকে চারবার লোডশেডিং করা হচ্ছে। তাড়িয়াপাড়া এলাকার ওয়াহাব আলী বলেন, বিদ্যুতের ব্যাপক লোডশেডিংয়ের কারণে রোজাদাররা তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন।

বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের স্থানীয় প্রকৌশলী এস এম হাকিম মিয়া বলেন, চাহিদার বিপরীতে জামালপুর থেকে বিদ্যুৎ কম সরবরাহ করা হচ্ছে। তাই ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে।

বিশ্বনাথ (সিলেট): গত তিন-চার দিন থেকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং দেওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে বিশ্বনাথ উপজেলার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পৌর এলাকার কাপড় ব্যবসায়ী ফখরুল আহমদ বলেন, ‘সারা বছরের ব্যবসা আমাদের দুই ঈদেই করতে হয়। বিদ্যুৎ না থাকলে গরমে ক্রেতারা আসেন না।’ ব্যবসায়ী নাঈম আহমদ বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনেককেই জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিশ্বনাথের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলম হোসেন বলেন, বিশ্বনাথে দিনের বেলায় বিদ্যুতের চাহিদা সাড়ে ছয় মেগাওয়াট আর রাতে সাড়ে আট মেগাওয়াট। কিন্তু দিনের বেলায় মাত্র আড়াই ও রাতে ছয় মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে বাধ্য হয়েই লোডশেডিং দিতে হচ্ছে।

দিরাই (সুনামগঞ্জ): দিরাই উপজেলায় প্রতিদিন ৩০-৩৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। তিন-চার দিন ধরে এ অবস্থা বিরাজ করছে। কম্পিউটার ব্যবসায়ী আবদুল বাছিত বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সারা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ ছিল না। কোনো গ্রাহককেই সময়মতো কাজ করে দিতে পারিনি। এখন পর্যন্ত (বিকেল সাড়ে চারটা) এক টাকাও আয় করতে পারিনি।’

দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল তালুকদার বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ে আমরা অতিষ্ঠ। অনেক আন্দোলন করেছি, কোনো ফল পাইনি। আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেন সব সময়ই সিলেট থাকেন। মাঝেমধ্যে তিনি দিরাই আসেন। তিন দিন আমি অফিসে গিয়েছি, এক দিনও তাঁকে পাইনি।’

লোডশেডিংয়ের ব্যাপারে জানার জন্য বিদ্যুৎ প্রকৌশলী আওলাদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হয়। কিন্তু প্রতিবারই সংযোগটি ব্যস্ত পাওয়া যায়।