তিন উপজেলার এক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে ছয় মাস এবং আদিতমারী উপজেলায় প্রায় এক বছর ধরে সমাজসেবা কর্মকর্তা নেই। এ অবস্থায় পাশের কালীগঞ্জ সমাজসেবা কর্মকর্তা একাই নিজ উপজেলাসহ ওই দুটি উপজেলার দায়িত্ব পালন করছেন। এতে তিনটি উপজেলার কাজকর্মেই সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে আদিতমারী এবং ছয় মাস আগে পাটগ্রাম উপজেলার সমাজসেবা কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে যান। এর পর থেকে পদ দুটি শূন্য রয়েছে। কালীগঞ্জের সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান নিজ দায়িত্বের পাশাপাশি এ দুটি উপজেলারও দায়িত্ব পালন করছেন। কিন্তু একসঙ্গে তিন উপজেলার দায়িত্বে থাকায় কোনো কার্যালয়েই সপ্তাহে দুই বা এক দিনের বেশি সময় তিনি দিতে পারেন না। এতে এই তিন উপজেলার কাজকর্মেই সৃষ্টি হচ্ছে নানা জটিলতা।
পাটগ্রাম সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘একজন কর্মকর্তা তিন উপজেলার দায়িত্বে থাকায় দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষরসহ নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক মানুষেরা। বয়স্ক ভাতা নিতে আগে যেখানে এক দিন লাগত, এখন এসব বৃদ্ধ মানুষকে দুই থেকে তিন দিন ঘুরতে হয়।’
সমাজসেবা কর্মকর্তা সুফিয়ান বলেন, ‘আমি একাই তিন উপজেলার দায়িত্বে থাকায় একটু সমস্যা তো হবেই। তার পরও আমি তিন কার্যালয়ের কাজ যেন সময়মতো হয়, সেই চেষ্টা করছি। তবে এতে কিছুটা হলেও কাজের গতি কমে যায়।’
পাটগ্রাম ইউএনও রফিকুল হক বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’