তিন উপজেলার দায়িত্বে এক সমাজসেবা কর্মকর্তা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ে তিন বছর ও আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রায় চার বছর ধরে সমাজ-সেবা কর্মকর্তা নেই। পাশের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওই দুই উপজেলার দায়িত্বও পালন করছেন। ফলে ওই তিন উপজেলা সমাজসেবা কার্যালয়ে কাজ করতে আসা লোকজন দুর্ভোগের শিকার হচ্ছে।
পাটগ্রাম ও আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে পাটগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা বদলি হয়ে অন্যত্র চলে যান। আর চার বছর আগে আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। এরপর থেকে ওই দুটি পদে কোনো কর্মকর্তা যোগদান করেননি। ফলে কালীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান পাটগ্রাম ও আদিতমারীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু কালীগঞ্জ থেকে আদিতমারীর দূরত্ব ৩০ কিলোমিটার ও পাটগ্রামের ৫৫ কিলোমিটার। এ কারণে তিনি সপ্তাহে কোনো কার্যালয়ে দুই দিন বা এক দিনের বেশি সময় দিতে পারেন না। ফলে দুর্ভোগের শিকার হচ্ছে এসব কার্যালয়ে কাজ করতে আসা মানুষজন।
এসব সমাজসেবা কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলা সমাজসেবা কার্যালয়ে মানুষ নানা ধরনের সেবা নিতে আসে। এখানে প্রতি তিন মাস পরপর বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষাপ্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ধরনের কার্ড অনুমোদন ও সরবরাহ করা হয়। এ ছাড়া পল্লী সমাজসেবা ঋণ (আরএসএস), স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন এ কার্যালয় থেকে দেওয়া হয়। এ ছাড়া এতিমখানাগুলোর তদারকসহ আরও অনেক কাজ এ কার্যালয় থেকে হয়ে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের দুই কর্মকর্তা বলেন, এক কর্মকর্তা তিন উপজেলার দায়িত্বে থাকার কারণে কার্যালয়ের ফাইলপত্রে স্বাক্ষরসহ নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। মানুষের নানা কথাও শুনতে হচ্ছে। তাই জরুরি ভিত্তিতে সমাজসেবা কর্মকর্তা দরকার। এতে কাজের গতি বাড়বে, মানুষও সময়মতো তাদের সেবা পাবে।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম ও আদিতমারীর অতিরিক্ত দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, ‘তিন উপজেলার দায়িত্ব পালন করায় একটু তো সমস্যা হবেই। এরপরও তিন কার্যালয়ের কাজ সময়মতো করার চেষ্টা করছি।’
পাটগ্রামের ইউএনও নুর কুতুবুল আলম বলেন, বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা সমাজসেবা উপপরিচালক (ডিডি) মো. সামিউল আলম বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তিন মাস পরপর শূন্য পদের বিষয়টি জানানো হয়। তবে নতুন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলে সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কর্মকর্তা দেওয়া হবে।