তিন উপজেলার সাত লাখ মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
বগুড়া–সারিয়াকান্দি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ভিটাপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
বগুড়া–সারিয়াকান্দি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ভিটাপাড়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

বগুড়া-গাবতলী-সারিয়াকান্দি ২২ কিলোমিটার সড়কের প্রায় অর্ধেক অংশই বেহাল।

সড়কের বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে খানাখন্দ তৈরি হয়েছে। সড়কটির বগুড়া পৌরসভা এলাকার থানা মোড় থেকে সাবগ্রাম বাজার পর্যন্ত ভাঙাচোরা হওয়ায় যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে যাতায়াতকারী সারিয়াকান্দি, গাবতলী ও সোনাতলা উপজেলার প্রায় সাত লাখ মানুষকে।
গত শনিবার সরেজমিন ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন বগুড়া শহর থেকে প্রায় আড়াই হাজার অটোরিকশা, কয়েক শ ট্রাক, কাভার্ড ভ্যানসহ নানা ধরনের যানবাহন সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীর বিভিন্ন গন্তব্যে চলাচল করে। এ ছাড়া বগুড়া শহরের চেলোপাড়া বাসস্ট্যান্ড থেকে সারিয়াকান্দি পর্যন্ত বাস চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে।
সড়কটির ২২ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটার অংশ বগুড়া শহরের ভেতরে পড়েছে। দুর্ভোগের শুরু শহরের থানা মোড় থেকেই। সড়কের থানা মোড় থেকে ফাতেহ আলী সেতুর পশ্চিম অংশ পর্যন্ত এতটাই বেহাল যে সামান্য বৃষ্টি হলেই কাদাপানিতে এ অংশ একাকার হয়ে যায়। চেলোপাড়া মোড় থেকে সাবগ্রাম দ্বিতীয় বাইপাস ক্রসিং পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। সড়কের চেলোপাড়া করিম স মিলের সামনে, নারুলী উত্তরণ উচ্চবিদ্যালয়ের সামনে, নারুল কৃষি ফার্মের সামনে, নারুলী-আকাশ তারা পাটকলের সামনেসহ অংসংখ্য স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। সাবগ্রাম বাজার থেকে সন্দাবাড়ি, চকবোচাই হয়ে গাবতলী পর্যন্ত সড়কও বেহাল।
বগুড়া শহরের নারুলী এলাকার রেজাউল করিম বলেন, তিন উপজেলার কয়েক হাজার যানবাহনের পাশাপাশি এ সড়ক দিয়ে বগুড়া শহরের সাবগ্রাম, আকাশতারা, নারুলী চেলোপাড়াসহ কয়েকটি এলাকার বহু মানুষ যাতায়াত করে। অথচ দীর্ঘদিন ধরে ফতেহ আলী সেতু থেকে সাবগ্রাম পর্যন্ত সড়কটি বেহাল দশার কারণে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
অটোরিকশাচালক গাবতলীর সন্দাবাড়ি গ্রামের রাসেল মিয়া বলেন, বগুড়া শহর থেকে এ সড়ক হয়ে গাবতলী, সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ২ হাজার ২০০ অটোরিকশা, কয়েক শ বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে। সড়কটি বেহাল হওয়ায় সারা বছর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বাসচালক শাহ আলম বলেন, চেলোপাড়া থেকে সাবগ্রাম পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা ক্ষতবিক্ষত। উঁচু-নিচু খাদে চাকা পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাওয়ার উপক্রম হয়।
বাসযাত্রী সারিয়াকান্দি হাটফুলবাড়ির আবদুল মজিদ বলেন, ‘ভাঙাচোরা রাস্তার গর্তে বাসের চাকা পড়লে সিটত বসে থ্যাকপার পাড়ি না। থ্যাকনায় পেটের নাড়িভুঁড়ি বেড়িয়ে আসতে চায়। আতঙ্কে বুকটা ধড়ফড় করে।’
গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরশেদ মিলটন বলেন, বগুড়া-সারিয়াকান্দি সড়ক দিয়ে গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা—এই তিন উপজেলার সাত লক্ষাধিক মানুষ জেলা শহরে যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম বলেন, বগুড়া-সারিয়াকান্দি সড়কের ২২ কিলোমিটার অংশই বেহাল। পুরো সড়কটি সংস্কার করার প্রয়োজন হলেও অর্থ বরাদ্দের অভাবে তা করা যাচ্ছে না। এ কারণে আপাতত বেশি বেহাল অংশ সংস্কারের জন্য মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। অন্যদিকে চারটি বেইলি সেতুর মধ্যে তিনটি এবং অন্য একটি আরসিসি সেতু ভেঙে নতুন করে নির্মাণের জন্য ১৭ কোটি টাকার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।