তিন উপজেলার ২২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দফায় ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ ও কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার ভোট হচ্ছে। এই তিন উপজেলার ২৩২টি ভোটকেন্দ্রের ২২৮টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরে আটজন, আশুগঞ্জে চার ও কসবায় ছয়জন রয়েছেন।
সদর উপজেলার ১১১টি কেন্দ্রের ৭৪৫টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। এখানকার সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব ও সেনা সদস্যরা টহল দেবেন।
আশুগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এখানকার ৪৮টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে চরচারতলা, দুর্গাপুর ও তালশহর ইউনিয়নের কেন্দ্রগুলো বেশি ঝুঁকিপূর্ণ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, এখানকার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কসবা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এখানে ৭৩টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ৬৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।