তিন উপজেলার ৪০০ গ্রাহক বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পাবনা সরবরাহ কেন্দ্রের প্রধান নিয়ন্ত্রণযন্ত্র (মেইন সুইচিং ইউনিট কন্ট্রোল কার্ড) বিকল হয়ে তিন সপ্তাহ ধরে জেলার তিনটি উপজেলায় টেলিফোন যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।
এতে জেলার তিনটি উপজেলার প্রায় ৪০০ জন গ্রাহক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব টেলিফোন যোগাযোগ থেকে বঞ্চিত রয়েছেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক যোগাযোগেও বিঘ্ন ঘটছে।
বিটিসিএল পাবনা কার্যালয় সূত্র জানায়, পাবনায় টেলিফোন নম্বরের প্রথম সংখ্যা ৫ ও ৬—এ দুই ধরনের সংযোগ রয়েছে। এর মধ্যে প্রথম সংখ্যা ৬-এর নম্বরগুলো জেলা সদরে ব্যবহার হয়। আর প্রথম সংখ্যা ৫ ব্যবহার হয় উপজেলা পর্যায়ে। ২০০৩ সালে এই সংযোগগুলো সরবরাহ করা হয়েছে। এ সময় সংযোগগুলোর জন্য প্রধান নিয়ন্ত্রণযন্ত্র (মেইন সুইচিং ইউনিট কন্ট্রোল কার্ড) স্থাপন করা হয়। দীর্ঘদিন যন্ত্রগুলো সচলই ছিল। হঠাৎ করেই সেগুলো বিকল হতে শুরু করে। গত ২৯ জুলাই থেকে জেলার সুজানগর, ফরিদপুর ও চাটমোহর উপজেলায় টেলিফোন যোগাযোগ বিঘ্নিত হওয়া শুরু করে। তিন উপজেলায় গ্রাহক রয়েছেন প্রায় ৪০০। সংযোগের সমস্যার কারণে গ্রাহকেরা সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টেলিফোন-সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে সাত-আটজন গ্রাহক বলেন, বর্তমান মুঠোফোনের যুগে শুধু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য বিটিসিএল সংযোগ ব্যবহার হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ও বিদেশে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে সবাই টেলিফোন ব্যবহার করে। কিন্তু হঠাৎ করে এই যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সবাই চরম সমস্যায় পড়েছেন। সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ বিঘ্নিত হওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। তাঁরা অবিলম্বে সমস্যাটি সমাধানের দাবি জানান।
চাটমোহর উপজেলা সদরের কর্মকারপাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফসি উদ্দিন জানান, তাঁর একমাত্র ছেলে বিদেশে থাকেন। তিনি বয়সের কারণে মুঠোফোন ব্যবহার করতে পারেন না। ছেলের সঙ্গে যোগাযোগের জন্য বিটিসিএলের টেলিফোনই একমাত্র ভরসা ছিল। কিন্তু প্রায় ২০ দিন ধরে সংযোগটি বিকল হয়ে আছে। ফলে ছেলের সঙ্গে যোগাযোগ করতে চরম সমস্যা হচ্ছে।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বলেন, বিটিসিএলের সংযোগ বিঘ্নিত হওয়ায় সাধারণ যোগাযোগে সমস্যা হচ্ছে না। মুঠোফোনের মাধ্যমে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ চালু আছে। কিন্তু সরকারি বিভিন্ন ফোন ও জরুরি ফ্যাক্সের ক্ষেত্রে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।
এ প্রসঙ্গে বিটিসিএল পাবনা কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ব্যবহারের ফলে যন্ত্রগুলো বিকল হয়েছে। এতে গ্রাহকের কিছুটা সমস্যা হচ্ছে। আমরা নতুন যন্ত্র চেয়ে প্রধান কার্যালয়ে আবেদন করেছি। কিন্তু এই যন্ত্র দেশের কোনো কার্যালয়েই নেই। এগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে। যে প্রতিষ্ঠান যন্ত্রগুলো স্থাপন করেছিল তাদেরও বিষয়টি জানানো হয়েছে। আশা করছি খুব শিগগির যন্ত্র পাওয়া যাবে।’