তিন উপজেলায় দেড় লাখ পাঠ্যবই কম সরবরাহ
লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের চাহিদার বিপরীতে ১ লাখ ৫২ হাজার ৫৮০টি নতুন পাঠ্যবই কম পাওয়া গেছে। বাকি বই কবে পাওয়া যাবে, তা জানা যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ওই তিন উপজেলার ১ লাখ ৪৩ হাজার ৬৮০ জন শিক্ষার্থীর বিপরীতে ৬ লাখ ৬৬ হাজার ৭৮০টি নতুন পাঠ্যবই বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সরবরাহ করা হয় ৫ লাখ ১৪ হাজার ২০০টি বই। অর্থাৎ বরাদ্দে চেয়ে ১ লাখ ৫২ হাজার ৫৮০টি পাঠ্যবই কম পাওয়া যায়।
এর মধ্যে আদিতমারী উপজেলার ৪৩ হাজার ৩০০ জন শিক্ষার্থীর জন্য পাঠ্যবইয়ের বরাদ্দ ছিল ১ লাখ ৯৪ হাজার ১০০টি। সরবরাহ করা হয় ১ লাখ ৪৯ হাজার ৬০০টি বই। অর্থাৎ ৪৪ হাজার ৫০০টি বই কম পাওয়া যায়।
কালীগঞ্জ উপজেলার ৫০ হাজার ৫০০ জন শিক্ষার্থীর বিপরীতে ২ লাখ ৩৮ হাজার ৫০০টি পাঠ্যবইয়ের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পাওয়া যায় ১ লাখ ৮৬ হাজারটি বই। অর্থাৎ ৫২ হাজার ৫০০টি নতুন পাঠ্যবই আসেনি।
এ ছাড়া পাটগ্রাম উপজেলার ৪৯ হাজার ৮৮০ জন প্রাথমিক স্তরের শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া যায় ২ লাখ ৩৪ হাজার ১৮০টি নতুন পাঠ্যবই। কিন্তু পাওয়া যায় ১ লাখ ৭৮ হাজার ৬০০টি নতুন বই। অর্থাৎ ৫৫ হাজার ৫৮০টি বই কম পাওয়া যায়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। পাঠ্যবইগুলো যথাসম্ভব দ্রুত পাঠানোর অনুরোধ করা হয়েছে। কবে নাগাদ বইগুলো পাওয়া যাবে, তা তিনি জানাতে পারেননি।