তিন উপজেলায় নিম্ন মানের ইউরিয়া সার সরবরাহ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নিম্ন মানের ইউরিয়া সার সরবরাহের অভিযোগ করেছেন পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার ডিলাররা। তবে গুদামের কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন।ডিলারদের অভিযোগ, গোপন আঁতাতের কারণে ভালো মানের শত শত টন ইউরিয়া নির্দিষ্ট কিছু ডিলারকে সরবরাহ দেন শিবগঞ্জ গুদাম কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান। আর বাফার গুদামে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পচা ও জমে থাকা সার পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুরের ডিলারদের দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) ঠাকুরগাঁও জেলা অস্থায়ী কার্যালয়ে এক বৈঠকে হরিপুরের ডিলার আবুল কাশেমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়। পীরগঞ্জের ডিলার ইমদাদুর রহমান বলেন, বাফার গুদামের লোকজন এক ট্রাক সারের মধ্যে ৩০০ থেকে ৩৫০ বস্তা জমাট বাঁধা ও কম ওজনের সার দিচ্ছেন। এসব সার কৃষকেরা কেনেন না। এ বিষয়ে শিবগঞ্জ সরকারি বাফার গুদামের কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গুদামে বর্তমানে প্রায় ১৪ হাজার টন ইউরিয়া ৩০ থেকে ৩৫ হাইটে (লেয়ার) রাখা আছে। এসবের মধ্যে এক থেকে পাঁচ-ছয় লেয়ারের সার বস্তার চাপে শক্ত হয়ে যায়। এসব সার ডিলারদের মধ্যে সরবরাহ করে শেষ করতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে। কারসাজির মাধ্যমে কিছু ডিলারকে ভালো মানের সার সরবরাহের বিষয়ে তিনি বলেন, ‘সার সরবরাহের বিষয়টা আমি নিজে দেখাশোনা করি। আমার এখানে কোনো স্বজনপ্রীতি বা কারসাজি হয় না, তাঁদের অভিযোগ সত্য নয়।’