তিন উপজেলায় পানের বরজের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির ফলে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সাড়ে তিন হাজার পানচাষি পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
চাষিরা বলছেন, ঘূর্ণিঝড় ও এর প্রভাবে তিন উপজেলায় পৌনে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিন উপজেলার কৃষি কর্মকর্তাদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ থেকে ৪০ লাখ টাকা।
ওই তিন উপজেলার কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এর মধ্যে বেশির ভাগই পানচাষি। তিন উপজেলার ২ হাজার ৫৮৫ হেক্টর জমিতে পান চাষ করা হয়। রোয়ানুর প্রভাবে সৃষ্ট ঝড়, জলোচ্ছ্বাস ও অতিবৃষ্টির কারণে গৌরনদীতে ১৫০ হেক্টর, আগৈলঝাড়ায় ১৬০ হেক্টর ও উজিরপুরে ১৪০ হেক্টর জমির পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আগৈলঝাড়ার রাজিহার, রাংতা, গৈলা ও বাগধা, গৌরনদীর চাঁদশী, নন্দনপট্টি, বাউরগাতি, ধুরিয়াইল, রামসিদ্ধি, পিংলাকাঠী, কমলাপুর ও খাঞ্জাপুর এবং উজিরপুরের কালীবাড়ি, উজিরপুর, শিকারপুর, বামরাইল ও ভরসাকাঠী এলাকায় ঝড়ে কয়েক শ পানের বরজ উপড়ে পড়েছে। কোথাও নদী ও খালের পানি বৃদ্ধি এবং অনেক স্থানে তিন দিনের টানা বর্ষণে জলাবদ্ধতায় পানবরজের গোড়ায় পানি জমে পানের লতা পচন ধরে নষ্ট হচ্ছে।
গৌরনদীর কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, আগৈলঝাড়ার নাসির উদ্দিন ও উজিরপুরের জাকির হোসেন বলেন, রোয়ানুর প্রভাবে আউশ, শাকসবজিসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পানচাষিরা। চাষিদের সহায়তা দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।