তিন উপজেলায় বজ্রপাতে গৃহবধূসহ তিনজনের মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ, নীলফামারীর ডিমলা ও সৈয়দপুরে গতকাল মঙ্গলবার বজ্রপাতে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন৷ বীরগঞ্জে ঝড়ে ১০টি বািড় বিধ্বস্ত হয়৷ সেখানে টিনের আঘাতে আহত হয়েছেন এক ব্যক্তি৷ আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
দিনাজপুর: বেলা দুইটায় বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামে বজ্রপাতে লক্ষ্মী রাম (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি বাড়ির উঠানে কাজ করছিলেন বলে পরিবার জানায়। একই সময়ে ঝড়ে মরিচা ইউনিয়নের সুন্দরীহাট গাছ গ্রামের ১০টি বাড়ি বিধস্ত হয়৷ এ সময় বীরেন্দ্র রায় (৫০) নামে একজন আহত হন।
ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর অনেকে জানান, ঝড়ে বিধ্বস্ত ১০ বািড়র মধ্যে তাজুল ইসলাম, আবু তাহের, বীরেন্দ্র রায় ও সুশেন্দ্র নাথ রায়ের বািড় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়৷ এ ছাড়া মাঠে গরু আনতে গেলে উড়ে আসা টিনের আঘাতে আহত হন এক বাড়ির কর্তা বীরেন্দ্র৷ তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে তাঁর স্ত্রী ললিতা রায় জানিয়েছেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান চৌধুরীসহ গতকাল বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নীলফামারী: জেলার ডিমলায় গতকাল বিকেলে বজ্রপাতে মেমি আক্তার (২২) নামের এক গৃহবধূ মারা গেছেন৷ তিনি ওই উপজেলার সদর ইউনিয়নের শৈল্যার ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী৷ বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান৷
সৈয়দপুর: পৌর এলাকার কয়ানিজপাড়া দোলাপাড়া মহল্লায় গতকাল দুপুরে বজ্রপাতে মোহাম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন৷ দুপুরে মুষলধারে বৃষ্টিপাতের সময় ওই ব্যক্তি নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বারান্দার চালে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন৷ তাঁকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।