তিন উপজেলায় ভোট ডাকাতির অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের চার উপজেলার মধ্যে তিনটিতে ভোট ডাকাতির অভিযোগ করেছে বিএনপি। উপজেলাগুলো হচ্ছে ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও মতলব উত্তর।
মতলব দক্ষিণে পরাজিত বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ শুক্কুর পাটওয়ারী আওয়ামী লীগ-সমর্থিত সিরাজুল মোস্তফা তালুকদারের কাছে ১২ হাজার ৬৬২ ভোটের ব্যবধানে হেরে যান। রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩৩টি থেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন তাঁদের এজেন্টদের বের করে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনসহ স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করে কোনো ফল পাননি। তিনি এসব কেন্দ্রের ফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেন।
মতলব উত্তর উপজেলায় ৮৫টি কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ আনেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক সরকার। তিনি বলেন, তাঁদের কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি নিজেও ভোট দিতে পারেননি।
ফরিদগঞ্জে ভোট ডাকাতির অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে বিএনপির তিন ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী ভোট বর্জন করেন। তাঁরা হলেন এম এ হান্নান, বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক ও আবদুল মালেক (বুলবুল)। এখানে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু সায়েদ সরকার পান ৫৭ হাজার ২৩২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ হান্নান পান ৩২ হাজার ৭৪০ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী শরীফ মো. ইউনুস পান ৩১ হাজার ৪৩৯ ভোট।
এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, যেখানে অনিয়ম বা কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে, সেখানে নির্বাচন স্থগিত করা হয়। পুলিশ সুপার আমির জাফর বলেন, ‘যেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেখানেই আমি র‌্যাব-বিজিবি পাঠিয়েছি।’