তিন উপজেলায় হরতালে সংঘর্ষ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা বিএনপির এবং লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ডাকা গতকাল রোববারের হরতাল বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এদিকে, আজ সোমবার গাইবান্ধায় অর্ধদিবস এবং নেত্রকোনার মোহনগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ সভায় গত শনিবার আওয়ামী লীগের হামলা ও নেতা-কর্মীদের আহত করার প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সময় সকালে কাপাসিয়া বাজারে চারটি ককটেল বিস্ফোরণ ঘটান হরতাল-সমর্থকেরা। তাঁরা উপজেলার চাঁদপুর, ঘাঘটিয়া বাজার, টোক এলাকায় যাওয়ার রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেন। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ছাড়া তাঁরা বরুন এলাকায় যাওয়ার রাস্তায় কাঠ ও বাঁশ ফেলে আগুন দেন। হরতালকারীরা তিনটি গাড়ি ভাঙচুর এবং তরগাঁও এলাকায় একটি অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করেন।
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতালের সময় হরতাল-সমর্থকেরা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর শরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারীকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁদের মুক্তির দাবিতে দুটি উপজেলার স্বেচ্ছাসেবক দল এ হরতাল আহ্বান করে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারীকে গ্রেপ্তার করে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তারের প্রতিবাদে গাইবান্ধা জেলায় আজ সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন গাজীপুর, গাইবান্ধা, নেত্রকোনা ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি]