তিন ঋতুর আমেজ একসঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে গতকাল। যে ছাতা গুটিয়ে রাখা হয়েছিল, অগত্যা তা আবার বের করতে হয়েছে। ছবিটি চট্টগ্রাম মহানগর থেকে তোলা l ফোকাস বাংলা
সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে গতকাল। যে ছাতা গুটিয়ে রাখা হয়েছিল, অগত্যা তা আবার বের করতে হয়েছে। ছবিটি চট্টগ্রাম মহানগর থেকে তোলা l ফোকাস বাংলা

বাংলা ঋতুচক্রের কালপঞ্জিতে এখন বসন্ত। কিন্তু আকাশ ও বাতাসের ধরন দেখলে গত দুই দিনের আবহাওয়াকে বর্ষা বা শীত দুই নামেই ডাকা যেতে পারে। গতকাল শনিবার দিনভর বৃষ্টি আর বিকেল থেকে দমকা হাওয়ার দাপটে যেন বসন্ত, শীত আর বর্ষা এসে একসঙ্গে ভর করেছিল।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে দেশের উপকূলের দিকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গতকাল বিকেল নাগাদ বৃষ্টি থেমে গেলেও তা রাজধানীর অলি-গলি ও সড়কগুলোতে জমাট পানির যন্ত্রণা রেখে যায়। বেশির ভাগ সড়ক নানা উন্নয়নকাজের কারণে আগে থেকেই খানাখন্দে ছিল ভরা। উড়তে থাকা ধুলাবৃষ্টির পানিতে মিশে ছপছপে কাদায় পরিণত হয়। এত দিন নগরবাসীর নিশ্বাসে উৎপাত করত যে ধুলারাশি, তা বৃষ্টির কারণে সড়কে ছড়িয়ে পড়ে। তৈরি করে পিচ্ছিল কাদার ভোগান্তি।
আবহাওয়াবিদরা অবশ্য তিন ঋতুর বৈশিষ্ট্যের মিলনকে অস্বাভাবিক বলছেন না। একটি লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হওয়ায় বসন্তবাতাস ঝোড়ো হাওয়ায় রূপ নিয়েছে। আর আকাশজুড়ে সঞ্চালনশীল মেঘমালা ভারী হয়ে দেশের বেশির ভাগ এলাকাজুড়ে অঝোর ধারায় বৃষ্টি হয়ে নেমেছে। আবহাওয়া দপ্তর বলছে, আজও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলে। তবে গতকাল শনিবারের মতো এত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আগামীকাল থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে। আবার ৬ থেকে ৭ দিন পর এ ধরনের আবহাওয়া তৈরি হতে পারে।
গতকাল রাজধানীতে ৪৬ মিলিমিটার ও কুতুবদিয়ায় সর্বোচ্চ ১৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারা দিন আকাশ মেঘলা থাকায় গতকাল দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা এর আগের দিনের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। গতকাল দেশের বেশির ভাগ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
ঝোড়ো হাওয়ার আশঙ্কায় বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত দেখানোর পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।