এক বছরের মাথায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় তিন একর জায়গার ছোট গাছপালা, লতাগুল্ম পুড়ে গেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে শরণখোলা উপজেলার বনসংলগ্ন উত্তর রাজাপুর গ্রামের ২০০-৩০০ মানুষসহ শরণখোলা ও মোরেলগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম জানান, আগুন তখন পুরোপুরি নিয়ন্ত্রণে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদীজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। বনকর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ কলস-বালতি নিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেন। দুপুরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। এটা নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হবে। উল্লেখ্য, অতীতে এ এলাকার বনে পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
গত বছরের ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত একই এলাকার পচাকোড়ালিয়া, টেংরা ও তুলাতুলী বিলের মিঠা পানির মাছ আহরণ ও জাল পাতার স্থানগুলো পরিষ্কার করার নামে দুর্বৃত্তরা চার দফায় পরিকল্পিতভাবে বনে অগ্নিসংযোগ করে।
ডিএফও সাইদুল ইসলাম জানান, আগুনের কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মেহেদীজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি হয়েছে।