তিন ওয়ার্ডে পানি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তিনটি ওয়ার্ডে পাঁচ দিন ধরে পানি নেই। বাথরুমের দুর্গন্ধে ওয়ার্ড তিনটিতে টেকা যাচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল বুধবার বিকেলে হাসপাতালের ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ড ঘুরে দেখা গেছে, দুর্গন্ধে এই তিনটি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনেরা অস্বস্তিতে পড়েছেন। বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকলে বমি আসার উপক্রম হচ্ছে। পানি না থাকার কারণে ময়লা প্যানের ওপরই জমে রয়েছে। বাথরুমের গেটে হাসপাতালের অন্যান্য আবর্জনার স্তূপ জমে রয়েছে।
১৫ নম্বর ওয়ার্ডের বাথরুমে গিয়ে দেখা যায়, নাকে কাপড় গুঁজে এক রোগীর স্বজন বাইরে থেকে আনা বোতলের পানি দিয়ে প্যানের ওপর জমে থাকা ময়লা ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করছেন।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমানকে ফোন করলে তিনি বলেন, এ রকম কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। এটা বাজে কথা। অবশ্য তখনই রোগীর স্বজনেরা বাথরুমের ট্যাপ ছেড়ে দিয়ে দেখান কোনো ট্যাপেই এক ফোঁটা পানি নেই। বাঘার একজন রোগীর স্বজন কবির হোসেন বলেন, তিনি চার দিন ধরে ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। এ সময় কোনো ট্যাপেই পানি পাওয়া যায়নি। তিনি ১৫, ১৬ ও ১৭ এই তিনটি ওয়ার্ডেই ঘুরে দেখেছেন, কোথাও পানি নেই। সকালে বাথরুম করার জন্য রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হচ্ছে।
যেসব শয্যায় রোগীরা টাকা দিয়ে থাকে (পেয়িং বেড), সেসব শয্যার রোগীদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। কারণ, এই শয্যাগুলো বাথরুমের কাছাকাছি। জয়পুরহাটের নূর মোহাম্মদ (৭০) পাঁচ দিন ধরে রয়েছেন এ রকম একটি শয্যায়।
নূর মোহাম্মদ বলেন, ‘খুব অব্যবস্থাপনা বাবা, গন্ধে টেকা যাচ্ছে না। খুব কষ্ট হচ্ছে। অন্য ওয়ার্ড থেকে পানি এনে বাথরুম করতে হচ্ছে। তাতে ময়লা থেকেই যাচ্ছে। এতে খুব অসুবিধা হচ্ছে।’ শাহাদত হোসেন ঢাকায় থাকেন। তাঁর বাবা এই হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। শাহাদত বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় এসেছেন। ওয়ার্ডের পানিসংকট আর বাথরুম সমস্যা নিয়ে তিনি একজন সিস্টারকে বলতে গিয়েছিলেন। তিনি বলছেন, এ বিষয়টি তাঁদের দেখার দায়িত্ব নয়। শাহাদত বলেন, হাসপাতালে এই সমস্যা দেখার আসলে কেউ নেই বলে মনে হচ্ছে। তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে রোগীর সঙ্গে আসা সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বেন।