টানা বর্ষণের কারণে নওগাঁ পৌরসভার তিনটি ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাড়িঘরে পানি উঠে
গেছে। খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। এতে সাত-আট হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শহর ঘুরে দেখা গেছে, ঈদুল ফিতরের পর থেকে আট-নয় দিনের টানা বৃষ্টিতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুর, রজাকপুর, চকরামপুর, মেরিগোল্ড পাড়া, ৭ নম্বর ওয়ার্ডের শেখপুরা, বোয়ালিয়া, জগৎসিংহ ও ১ নম্বর ওয়ার্ডের তামাইগাড়ি, শিবপুরের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুর ও চকরামপুর এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এখানকার বাড়ি, এমনকি শোয়ার ঘরেও পানি উঠে গেছে।
১ নম্বর ওয়ার্ডে অবস্থিত নওগাঁ সরকারি কলেজে গিয়ে দেখা যায়, কলেজ প্রাঙ্গণজুড়ে পানি। ময়লা ও নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী আরমান হোসেন ও স্নেহা রায় জানায়, নোংরা ও ময়লা পানি ভেঙে প্রতিদিন কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে। আর কলেজ মাঠে হাঁটুপানি থাকায় খেলাধুলা বন্ধ।
৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুর গ্রামের আরিফ মাহমুদ, মোশারফ হোসেন জুয়েলসহ সাত-আটজন বলেন, ভবানীপুর দক্ষিণ, মধ্য ও পূর্ব পাড়ায় প্রতিবছর অন্তত তিন মাস জলাবদ্ধতার কারণে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। পৌরসভায় অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তাঁরা এলাকার পানিনিষ্কাশনের জন্য নালা করার দাবি জানিয়ে আসছেন। প্রতিবারই নির্বাচনের আগে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আশার কথা শোনালেও দুর্ভোগের শেষ হয় না। এই জলাবদ্ধতা প্রায় অগ্রহায়ণ মাস পর্যন্ত থাকবে বলে জানান তাঁরা। এ জন্য গ্রামের ৬০-৭০ জন বাসিন্দা গ্রামের নিচু জায়গাগুলোতে মাছ চাষ করছেন।
ভবানীপুর দক্ষিণপাড়ার বাসিন্দা গোলাম ফারুক বলেন, ‘ঈদের কয়েক দিন আগে থেকে বাড়িতে পানি উঠেছে। এখন পর্যন্ত পানি নামছে না। শোয়ার ঘরে পর্যন্ত পানি ঢুকে গেছে। এর মধ্যে সাপ পোকা-মাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। বাধ্য হয়ে ঘরে পোকা মারার ওষুধ ছিটাতে হচ্ছে। কয়েক দিন আগে নলকূপ ডুবে যায়। এরপর থেকে নলকূপ দিয়ে ময়লা পানি বের হচ্ছে। পৌরসভার পানির লাইন না থাকায় অনেক দূর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হচ্ছে।’
পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় ৯ নম্বর ওয়ার্ডের মেরিগোল্ড পাড়ার বাসিন্দারা নিজেরাই রাস্তায় ইট-খোয়া বিছিয়েছেন। সোমবার সরেজমিনে দেখা যায়, ১০-১২ জন রাস্তায় ইট-খোয়া বিছানোর কাজ করছেন। মহল্লার বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, ‘বৃষ্টি হলেই এ রাস্তাটিতে পানি জমে যায়। পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা নিজেরাই চাঁদা তুলে প্রায় ৫০০ মিটার দৈর্ঘ্যের এ রাস্তায় ইট-খোয়া বিছিয়ে উঁচু করছি।’
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা বলেন, ‘ভবানীপুর থেকে তুলসীগঙ্গা নদী পর্যন্ত ড্রেনেজ (নালা) ব্যবস্থার জন্য একটি প্রকল্প অনুমোদন হয়ে আছে। তবে জলাবদ্ধতার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। তবে বর্তমান সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্ত করতে প্রয়োজনে রিং-পাইপের মাধ্যমে তুলসীগঙ্গা নদী দিয়ে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করব।’
এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি ওয়ার্ডে নালা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নতকরণ প্রকল্প (ইউজিআইআইপি)-৩-এর আওতায় ১০০ কোটি টাকার প্রকল্প পেয়েছি। আশা করছি, আগামী বছর থেকে জলাবদ্ধতা ও রাস্তাঘাটের কোনো সমস্যা থাকবে না।’