তিন কক্ষের বিশ্ববিদ্যালয়!
যশোরের জেলা প্রশাসক কেশবপুরের দারুল ইহসান ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছিলেন। তা সত্ত্বেও গতকাল শুক্রবার সেখানে প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলেছেন, মৌখিক নির্দেশের কোনো মূল্য নেই। যতক্ষণ পর্যন্ত লিখিত নির্দেশ না দেওয়া হবে, ততক্ষণ তাঁদের কার্যক্রম চলবে।ছোট তিনটি কক্ষ নিয়ে চলছে কেশবপুরের দারুল ইহসান ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখানে সাতটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়ার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। শিক্ষক হিসেবে পড়াচ্ছেন স্থানীয় কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা।কেশবপুর শহরের প্রাণকেন্দ্রে ত্রিমোহিনী মোড়ের খান মার্কেটের চতুর্থ তলায় মাত্র তিনটি কক্ষে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এর দুটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ চলে। বাকি একটি কক্ষে সমন্বয়ক বিশ্রাম নেন। শুরুতে আকর্ষণীয় লিফলেট, মাইকে প্রচারণা শুনে অনেকেই বুঝে-না-বুঝে এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন। গত ১ মে থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মধ্যকুল মাদ্রাসার সুপার কফিল উদ্দিন। তিনি জানান, এ পর্যন্ত এখানে সাতটি বিষয়ে ১১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। লিফলেটে বিবিএ, এমবিএ থেকে শুরু করে এলএলবি স্নাতকসহ মোট ১৪টি বিষয়ে পড়ানোর উল্লেখ থাকলেও সাতটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। এগুলোর মধ্যে ইংরেজি স্নাতক সম্মানে চারজন, ইংরেজি স্নাতকোত্তরে ১০ জন, ইসলামের ইতিহাস স্নাতক সম্মানে সাতজন, ইসলামিক শিক্ষা সম্মানে সাতজন, বিএডে ৩২ জন ও গ্রন্থাগারিক বিষয়ে ১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এসব শিক্ষার্থীর কাছ থেকে ফি বাবদ ১২ হাজার থেকে শুরু করে এক লাখ ৬৮ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। বিনিময়ে কোর্স সম্পন্ন করে সনদপত্র দেওয়া হবে—এই মর্মে চুক্তি করা হয়।এখানকার বেশির ভাগ শিক্ষার্থী চাকরিজীবী। তাঁরা সহজে সনদ পাওয়ার আশায় এখানে ভর্তি হন বলে জানা গেছে। কেউ চাকরিজীবনে সাফল্য, আবার কেউ সহজে সনদ অর্জনের জন্যই মূলত এখানে আসেন।কেশবপুর কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবদুর রউফ বলেন, ‘আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে ক্লাস নেওয়ার জন্য।’ তাঁদের সম্পর্কে কোনো ধারণা রাখেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার যথেষ্ট সন্দেহ হয় এদের বৈধতা নিয়ে। কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হলে তাদের নিবন্ধন করাতে হয়। কিন্তু এখনো কোনো শিক্ষার্থীর নিবন্ধন নম্বর আসেনি।’জানা গেছে, সপ্তাহের প্রতি শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া হয় কেশবপুর মহিলা ফাজিল মাদ্রাসার কয়েকটি কক্ষে। এই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের দায়িত্ব পালন করা কফিল উদ্দিনের কাছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বৈধতা আছে কি না—জানতে চাইলে তিনি কিছু কাগজপত্র দেখান। তাতে কেশবপুরে বিশ্ববিদ্যালয় করার কোনো কাগজপত্র ছিল না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো অনুমতি দেখাতে পারেননি তিনি।তিনটি কক্ষে বিশ্ববিদ্যালয় চালানো যায় কি না—জানতে চাইলে কফিল উদ্দিন বলেন, প্রথমে কোনো ভালো কাজ করতে হলে কিছুটা এদিক-ওদিক হয়। গতকাল প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘জেলা প্রশাসক যেহেতু কোনো লিখিত নির্দেশ দেননি, তাই আমাদের কার্যক্রম চালাতে কোনো বাধা নেই।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপপরিচালক ফেরদৌস হোসেন বলেন, ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয় অবৈধ, তাদের কোনো বৈধতা নেই। সনদ বিক্রি করে লোক ঠকানোই তাদের কাজ।’যশোরের জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের কথা শুনে ওখানকার কর্তৃপক্ষকে গত বুধবার মৌখিকভাবে সেটি বন্ধ করার নির্দেশ দিয়েছি। তাদের কাছে কাগজপত্র চেয়েছি। যতক্ষণ কাগজপত্র পরীক্ষা না হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।’