তিন কক্ষের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকের নিষেধাজ্ঞা অমান্য করে যশোরের কেশবপুরের সেই তিন কক্ষের বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবারও পরীক্ষা নেওয়া হয়েছে। ৮৫ জন শিক্ষার্থী কেশবপুর মহিলা ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নেন।৮ সেপ্টেম্বর যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান কেশবপুরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নাম দিয়ে খোলা এই এই ক্যাম্পাসের সমন্বয়ককে ডেকে মৌখিকভাবে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। তাঁর নির্দেশ অমান্য করে ৯ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ওই বিশ্ববিদ্যালয়ের কেশবপুরের সমন্বয়ক কফিল উদ্দীন বলেন, ‘আমাকে লিখিত নির্দেশ দিতে হবে। মৌখিক নির্দেশে আমরা কার্যক্রম বন্ধ করব না।’গতকাল মহিলা ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রশ্নপত্র কোথায় পেয়েছেন জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসার সুপার কফিল উদ্দীন জানান, স্থানীয়ভাবে তৈরি করেছেন। তিনি বলেন, ‘যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেরা প্রশ্ন করেন, তেমনি আমরাও প্রশ্ন করেছি।’ খাতা মূল্যায়ন কারা করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘খাতা ঢাকায় পাঠানো হবে।’ আগের পরীক্ষার উত্তরপত্র কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘খাতা আমাদের অফিস কক্ষেই আছে। ঢাকা থেকে স্যারেরা এসে উত্তরপত্র নিয়ে যাবেন।’খোঁজ নিয়ে জানা গেছে, কেশবপুর মহিলা ফাজিল মাদ্রাসায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছেন মহিলা মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাফিনা বেগম। তিনি বলেন, আগে অনুমতি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসকের নিষেধের পর নতুন করে অনুমতি দেওয়া হয়নি।যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওদের কাগজপত্র পেয়েছি। ওরা হাইকোর্টের স্থগিতাদেশ পেয়ে ক্যাম্পাস চালাচ্ছে। কী কী শর্ত পূরণ করলে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করা যায়, সব কিছু সে অনুযায়ী আছে কি না এখন আমরা তা খতিয়ে দেখছি। কোনো ত্রুটি পেলে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’কেশবপুর শহরের প্রাণকেন্দ্রে ত্রিমোহিনী মোড়ের খান মার্কেটের চতুর্থ তলার ছোট্ট তিনটি কক্ষে দারুল ইহসান ইউনির্ভাসিটির নাম দিয়ে বহির্ক্যাম্পাস তৈরি করা হয়েছে। এখানে সাতটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স খোলা হয়েছে। শিক্ষক হিসেবে পড়াচ্ছেন কলেজ ও মাদ্রাসার শিক্ষকেরা। গত ১ মে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।এদিকে গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোর পৃষ্ঠা-৫-এ ‘তিন কক্ষের বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ করেছেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডি ক্যাম্পাসের উপপরিচালক (পিআরআইসি) সৈয়দ মোহাম্মদ সাবের। প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় অবৈধ নয়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নামে ঢাকার বাইরে খোলা ক্যাম্পাস অবৈধ। এসব অবৈধ ক্যাম্পাসে সনদ-ব্যবসা করা হচ্ছে। এগুলো বন্ধের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, স্থানীয় জেলা প্রশাসকের সহযোগিতা চাওয়া হয়েছে।