তিন কক্ষের হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট তিনটি কক্ষ! একটিতে দাপ্তরিক কাজকর্মের জন্য কিছু চেয়ার-টেবিল রাখা। আরেকটিতে বসে রোগী দেখেন চিকিৎসক। অন্য কক্ষের অর্ধেকে ওষুধের স্তূপ, বাকি অর্ধেকে চলে টিকাদান কার্যক্রম। এ চিত্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এই তিন কক্ষেই সীমাবদ্ধ স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিধি। স্থানীয় উপজেলা পরিষদ ভবনের নিচতলার তিনটি কক্ষে চলছে এর কার্যক্রম। এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অফিস সহকারী থাকলেও নেই কোনো সেবিকা। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা পরিষদের পাশের পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে ৫০ শয্যার ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সালের ১২ মে স্থানীয় এক জনসভায় তিনি ওই প্রতিশ্রুতি দেন। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ জানুয়ারি উপজেলা পরিষদ ভবনের একটি কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম চালু হয়। কক্ষটিকে তিন ভাগে ভাগ করে সেখানে চিকিৎসা কার্যক্রম, কার্যালয় ও টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। চিকিৎসক ও জনবলসংকট না থাকলেও নিজস্ব ভবন না থাকায় সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাব সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া শয্যা না থাকায় রোগী ভর্তি করারও কোনো ব্যবস্থা নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষকের পদটি শূন্য রয়েছে। তা ছাড়া পরিসংখ্যানবিদ ও একজন মেডিকেল টেকনোলজিস্টের পদও শূন্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিনজন চিকিৎসা কর্মকর্তা, একজন জুনিয়র কনসালট্যান্টসহ এখানে নয়জন কর্মরত। ৮ অক্টোবর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, একজন চিকিৎসক রোগী দেখছেন। কথা হয় চিকিৎসক ওবায়দুল হকের সঙ্গে। তিনি বলেন, আউটডোরে (বহির্বিভাগ) যারা চিকিৎসা নিতে আসে, তাদের মধ্যে প্রায়ই ভর্তিযোগ্য রোগী আসে। কিন্তু ইনডোর (অন্তর্বিভাগ) ব্যবস্থা না থাকায় প্রকৃত সেবা দেওয়া যায় না। উপজেলা সদরসংলগ্ন আড়াইসিধা গ্রামের হেলেনা আক্তার ও যাত্রাপুর গ্রামের রফিক মিয়া জানান, ছোটখাটো অসুখ-বিসুখ হলে তাঁরা এ হাসপাতালে আসেন, কিন্তু বড় রোগ হলে সদর হাসপাতালে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আশুগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য জায়গা অধিগ্রহণের পাশাপাশি বছর খানেক আগে মাটি পরীক্ষার কাজও করা হয়েছে। এখন দরপত্র আহ্বানের কাজ বাকি। কিন্তু এ প্রক্রিয়া কেন থেমে আছে, তা আমার জানা নেই।’