তিন কন্যার আলোহীন চোখ মুখে বাঁচার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বোন রত্না (১৭), স্বপ্না (১৪) ও মুন্নি (১২)। জন্মের পর পৃথিবীর নয়নজুড়ানো দৃশ্য দেখেছে তারা। রত্নার বয়স যখন ছয়, তখন হঠাৎ চোখে জ্বালাপোড়া হয়। এরপর তার চোখের আলো নিভে যায়। একই অবস্থা স্বপ্না ও মুন্নির। সেই থেকে তারা অসহায়।
গত শুক্রবার তাদের মা নাছিমা বেগম জানান, তিনটি মেয়েই জন্মের পর ছয়-সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। অপুষ্টির কারণে এমনটি ঘটেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। তাদের বাবা এফার উদ্দিন বলেন, ‘চিকিৎসার জন্য ওদের ঢাকা পর্যন্ত পাঠিয়েছি। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি। বড় মেয়ের বিয়ের বয়স হয়েছে, কী করব ভেবে পাচ্ছি না।’ এ সময় রত্না কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমাদের তিন বোনের কী হবে, আমরা জানি না। তবে আমরা ভালোভাবে বাঁচতে চাই। কিন্তু কেমনে বাঁচব, তাও জানি না।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের হেদায়তপাড়া এলাকার পাথরশ্রমিক এফার উদ্দিন (৬০)। চার মেয়ে, এক ছেলে ও স্ত্রী নাছিমা বেগমকে নিয়ে তাঁর সংসার। এর মধ্যে এক মেয়ে ও ছেলের বিয়ে দিয়েছেন। জমিজমা বলতে তাঁর কিছুই নেই। বোনের দেওয়া জমিতে কোনোমতে টিনের চাল ও বাঁশের বেড়া দিয়ে একটি চালাঘর করে বসবাস করছেন। দিনমজুরের কাজ করে তাঁর দিন চলছে। এ অবস্থায় এফার উদ্দিন তাদের নিয়ে স্থানীয় চিকিৎসক থেকে শুরু করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সবখানেই ছুটে বেরিয়েছেন। কিন্তু অন্ধত্ব থেকে তাদের মুক্তি মেলেনি। সেই থেকেই এফার উদ্দিন ওই তিন সন্তানকে নিয়ে পড়েছেন বিপাকে।
রত্না লালমনিরহাটে হাড়িভাঙ্গা প্রতিবন্ধী স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পেয়েছিল। স্বপ্না স্থানীয় একটি প্রতিবন্ধী স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে। আর মুন্নি শিক্ষার আলো থেকে পুরোপুরি বঞ্চিত। কিন্তু আর কত দিন। বয়স বাড়ছে এফার উদ্দিনের, বাড়ছে মেয়েদেরও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যন্ত্রণা ও সামাজিক ভয়ভীতি।
একমাত্র ছেলে স্বপন (১৮) ভ্যান চালিয়ে দিনমজুর বাবাকে সহযোগিতা করে আসছেন। স্বপন জানান, সাত-আটজনের পরিবারে ভ্যান চালিয়ে ভাত জোটানো খুবই কষ্টকর। তার ওপর তিন প্রতিবন্ধী বোনকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছে তাঁদের পরিবার।
বুড়িমারী স্বাস্থ্য উপকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আয়ুব আলী সরকার জানান, মেয়ে তিনটি সামান্য দেখতে পায়। উন্নত চিকিৎসা পেলে তারা দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের ঢাকায় পাঠানো হয়। তবে আর্থিক অসচ্ছলতার জন্য তারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেনি।
বুড়িমারী ইউপি চেয়ারম্যান আছি আহমেঞ্চদ বলেন, ‘পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। সরকার ও সমাজের বিত্তবানদের তাদের সহায়তায় এগিয়ে আসা উচিত বলে মনে করি।’