তিন কমিটি প্রত্যাখ্যান, ১৬ জনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ নিয়ে ক্ষোভের জের ধরে মৌলভীবাজার জেলা ছাত্রদলের তিনটি কমিটি প্রত্যাখ্যান করেছেন একাংশের নেতা-কর্মীরা। একই সঙ্গে তিনটি কমিটি থেকে ১৬ জন নেতা পদত্যাগ করেছেন। গতকাল রোববার জেলা ছাত্রদলের ব্যানারে শহরে মিছিল বের করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এসব কমিটি প্রত্যাখ্যান করার ঘোষণা দেন।
জেলা ছাত্রদল ও বিক্ষুব্ধ নেতা-কর্মী সূত্রে জানা গেছে, গত শনিবার জেলা ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা, সদর উপজেলা শাখা, পৌর শাখা ও পলিটেকনিক শাখার কমিটি ঘোষণা করে। এদিকে এই কমিটি ঘোষণার পর সংগঠনের অনেক নেতা-কর্মী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সদর উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কোর্ট রোডের সৈয়দ মুজতবা আলী সড়কের মুখ থেকে বের হয়ে এম সাইফুর রহমান সড়কের জুলিয়া শপিং সিটি এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি টিপলু আবদুল হাই।
পরে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ জন নেতা-কর্মী সরকারি কলেজ শাখা, সদর উপজেলা শাখা ও পৌর শাখার কমিটি থেকে তাঁদের পদত্যাগের কথা জানান। তাঁরা হলেন ইসহাক আহমদ চৌধুরী, সৈয়দ তানভীর আলী, জহির আহমদ, আকিদুর রহমান, ইমামুল হক, সাদেকুর রহমান, টিটু আলম, জনি আহমদ, আইনুল হক, মাসুক মিয়া, মামুন রহমান, মো. ইমরান, সাকির আহমদ, জাকির আহমদ, মোজাম্মেল হোসেন ও সাজিবুর রহমান।
ছাত্রদল কলেজ শাখার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইসহাক আহমদ গতকাল বলেন, ‘আমি জেলা কমিটির সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী। উদ্দেশ্যমূলকভাবে আমাকে সদর উপজেলা কমিটির ১১ নম্বর যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছে। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁরা নবগঠিত সদর উপজেলা কমিটি, কলেজ ও পৌর কমিটিতে ছিলেন। তাঁদের সবার জেলা কমিটির নেতৃত্ব পর্যায়ে থাকার সম্ভাবনা ছিল। উদ্দেশ্যমূলক তাঁদের বিভিন্ন শাখায় ঢোকানো হয়েছে। এ জন্য আমরা পদত্যাগ করেছি।’
ছাত্রদল সিলেট বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘আমরা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক মিলে কমিটি করেছি। স্বাভাবিকভাবে সবাইকে তো আর কমিটিতে অন্তর্ভুক্ত করা যায় না। যারা বঞ্চিত হয়েছে, তারাই এসব করছে।’