ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১০ ডিসেম্বর তাঁদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।
এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আজিমপুর কবরস্থানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি রিট করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৭ নভেম্বর হাইকোর্ট তিন মাসের মধ্যে কবরস্থানে নির্মাণাধীন পিলারসহ রাস্তা নির্মাণের সরঞ্জামাদি অপসারণ করতে নির্দেশ দেন। বিবাদীপক্ষ ওই নির্দেশনা বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করে রিটকারীপক্ষ। হাইকোর্ট ওই তিন কর্মকর্তার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন। এর পরও নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় তাঁদের ব্যক্তিগত হাজিরার নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়। পরে হাইকোর্ট ওই আদেশ দেন।