তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খুলছে না পুলিশ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় রিমান্ডে নেওয়া র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে মুখ খোলেনি মামলার তদন্তকারী পুলিশ প্রশাসন।
এই তিনজন হলেন র্যাব-১১ ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ, সাবেক মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্প অফিসের সাবেক অধিনায়ক এম এম রানা। কড়া নিরাপত্তার মধ্যে শহরের মাসদাইর পুলিশ লাইনে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ চলাকালে চিকিত্সক দিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে মুখ খোলেননি মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ। আজ সোমবার দিনভর গণমাধ্যমের কর্মীরা এ বিষয়ে জানার চেষ্টা করলেও জেলা পুলিশ প্রশাসনও মুখে খোলেনি।
র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকেই খাবার সরবরাহ করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁদের জন্য আলাদাভাবে বাইরে থেকে কোনো খাবার আনা হচ্ছে না।
জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ মামলা। খুবই সতর্কভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনজনের মধ্যে দুজন নিয়মিত ওষুধ গ্রহণ করেন, সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।’ তদন্তের স্বার্থে তিনি এর চেয়ে বেশি কিছু জানাতে রাজি হননি।