তিন কর্মকর্তাকে র‍্যাব থেকে প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের অভিযোগে করা এক মামলার আসামিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির না করায় র‌্যাব-৩-এর তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ওই তিন কর্মকর্তা হলেন মেজর ফাহিম আদনান সিদ্দিকী, এএসপি মো. আবদুর রকিব খান ও মামলার বাদী সিনিয়র ওয়ারেন্ট অফিসার ডিএডি দ্বিজেন্দ্র চন্দ্র দে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। র‍্যাবের তিন কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম আবদুল মুবিন।