তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগে নিয়োগে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তিন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মচারীকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। গত রোববার সিরাজগঞ্জের সিভিল সার্জন মাইন উদ্দিন মিঞা স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা গেছে।সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন, হিসাবরক্ষক রেজাউল করিম ও প্রধান সহকারী সাইফুল ইসলাম। অফিস সহকারী শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর ‘নয় কোটি টাকা ঘুষ-বাণিজ্য, হিসাবরক্ষক গ্রেপ্তার’ শিরোনামে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগের ১১৭ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি কয়েক দফা তদন্ত করে একটি প্রতিবেদন গত মার্চে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়। ওই প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমান সিভিল সার্জন মাইন উদ্দীন মিঞা বলেন, ‘বিষয়টি আমার যোগদানের আগের ঘটনা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’