তিন কর্মকর্তাকে হাজিরা থেকে অব্যাহতি
মিরপুরে মাইক্রোবাসে পোশাকশ্রমিককে গণধর্ষণের ঘটনা ঘটেনি। প্রতিপক্ষকে ফাঁসাতে এটা ছিল সাজানো ঘটনা। আদালতে পুলিশের দুই কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এ ছাড়া ওই পোশাক শ্রমিকের শারীরিক পরীক্ষা প্রতিবেদনে তাঁকে গণধর্ষণের ঘটনা ঘটেনি বলে বলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কের দাখিল করা প্রতিবেদনে এসব তথ্য এসেছে।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব প্রতিবেদন দাখিল ও শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম।
হাইকোর্টের নির্দেশ অনুসারে আজ আদালতে হাজির হন তিন কর্মকর্তা। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন খান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক চিকিত্সক বিলকিস বেগম। শুনানি নিয়ে আদালত এই তিন কর্মকর্তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই সময়ের মধ্যে রিট আবেদনকারীর আইনজীবীকে হলফনামা আকারে জবাব দাখিল করতে বলা হয়েছে।
৯ জুলাই হাইকোর্টের বেঞ্চ ধর্ষণের ঘটনায় নেওয়া পদক্ষেপ জানাতে মিরপুর বিভাগের ডিসি ও মিরপুর থানার ওসিকে ১৫ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ দেন। আদালতে হাজির হয়ে তাঁরা বক্তব্য দেন। আদালত তাঁদের বক্তব্য হলফনামা আকারে ২১ জুলাইয়ের মধ্যে দাখিল করতে বলেন। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক চিকিত্সক বিলকিস বেগম ওই নারীর শারীরিক পরীক্ষা ও চিকিত্সা-সংক্রান্ত প্রতিবেদন দেন। আদালত এটিও হলফনামা আকারে জমা দিতে বলেন। এর ধারাবাহিকতায় তাঁরা আজ আদালতে হাজির হন।
‘চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণ’ শিরোনামে ৩ জুলাই সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়। প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ৫ জুলাই রিট আবেদনটি করা হয়।