তিন কর্মকর্তার অপসারণ চাইলেন ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তিন কর্মকর্তার অপসারণ দাবি করেছেন ঠিকাদারেরা। গতকাল বুধবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটি প্রধান কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন ঠিকাদারেরা। একই দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
সমাবেশে ঠিকাদারেরা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. শাহাবুদ্দিন চৌধুরী ও প্রকৌশলী মিহির কান্তি চাকমা ‘সেভেন স্টার রিক্রিয়েশন ক্লাব’ নামের কয়েকজন ঠিকাদারের একটি সিন্ডিকেটকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধিকাংশ উন্নয়নকাজ দেন। যার অধিকাংশই দেওয়া হয় গোপন দরপত্রের মাধ্যমে।
ঠিকাদারদের অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও নির্বাহী প্রকৌশলীর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ এসব অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করে বলেন, ‘কয়েক দিন অপেক্ষা করেন, সবকিছু দিনের আলোর মতো বেরিয়ে আসবে।’
বক্তারা অভিযোগ করেন, এই সিন্ডিকেটের মাধ্যমে গত বছর ৫০ কোটি টাকার কাজ করানো হয়েছে। একইভাবে এ বছরের শুরুতে আট কোটি টাকার রাঙামাটি পাবলিক কলেজ, পাঁচ কোটি টাকার ভাইস চেয়ারম্যানের বাসভবন, তিন কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম
আঞ্চলিক পরিষদ ভবন, তিন কোটি টাকার বিলাইছড়ি উপজেলার আরসিসি রাস্তা নির্মাণসহ মোট ২৫ কোটি টাকার কাজ সেভেন স্টার রিক্রিয়েশন ক্লাব সিন্ডিকেটকে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ঠিকাদারেরা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পাঁচ কোটি টাকার ২৩ গ্রুপ উন্নয়নকাজের দরপত্র কেনার শেষ দিন ছিল গত মঙ্গলবার। ওই দিন সাধারণ ঠিকাদারেরা দরপত্র কিনতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়।
চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফ্রেম মেকার্সের স্বত্বাধিকারী মো. ইফতেখারুল আলম অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে দরপত্র কিনতে গেলে তাঁকে নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। ফলে তিনি দরপত্র কিনতে পারেননি।
উন্নয়ন বোর্ড চত্বরে আয়োজিত ঠিকাদারদের সমাবেশে সভাপতিত্ব করেন মো. মাইনুদ্দিন সেলিম। অন্যন্যের মধ্যে বক্তব্য দেন মুজিবুর রহমান মুজিব, মো. মুছা, আবদুস সালাম প্রমুখ।