বিজেএমসির চট্টগ্রাম লিয়াজোঁ কার্যালয়
তিন কর্মকর্তার জন্য সাড়ে তিন হাজার বর্গফুটের কার্যালয়!
কর্মকর্তা-কর্মচারীদের জন্য কক্ষ রয়েছে ছয়টি। বৈঠক বা সভা করার জন্য রয়েছে বেশ বড় একটি কনফারেন্স রুম (সম্মেলনকক্ষ)। পুরো কার্যালয়ের আয়তন ৩ হাজার ৪২৮ বর্গফুট। কিন্তু বিশাল এই কার্যালয়ে কাজ করেন মাত্র তিনজন কর্মকর্তা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চট্টগ্রাম লিয়াজোঁ কার্যালয় এটি।
আগ্রাবাদের সাত্তার চেম্বার ভবনের তৃতীয় তলায় কার্যালয়টির অবস্থান। পাঁচতলা ভবনটির মালিক বিজেএমসি। লিয়াজোঁ কার্যালয়ের বড় কর্তার পদবি উপমহাব্যবস্থাপক। তাঁর সঙ্গে কাজ করেন একজন ব্যবস্থাপক (প্রশাসন) এবং একজন সহকারী ব্যবস্থাপক (হিসাব)। নেই কোনো অফিস সহকারী কিংবা পিয়ন।
গত বৃহস্পতিবার দুপুরে বিজেএমসির চট্টগ্রাম লিয়াজোঁ কার্যালয়ে গিয়ে দেখা যায় উপমহাব্যবস্থাপক মো. আতাউর রহমান নিজ কক্ষে বসে আছেন। বাকি দুই কর্মকর্তাকে তাঁদের কক্ষে বসে থাকতে দেখা যায়। অন্য তিনটি কক্ষে ফাঁকা পড়ে আছে চেয়ার-টেবিল। নেই কোনো দর্শনার্থী। পুরো কার্যালয়ে সুনসান নীরবতা।
উপমহাব্যবস্থাপক মো. আতাউর রহমান গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, চলতি বছরের ৯ আগস্ট তাঁকে চট্টগ্রাম কার্যালয়ে বদলি করা হয়। তিনি আসার পর কার্যালয়ের জনবল দাঁড়ায় পাঁচজনে। এরপর গত তিন মাসে দুজন অবসরে যান। এখন তিনিসহ মোট তিনজনকে দিয়ে দাপ্তরিক কাজ চলছে। তিনি বলেন, বাকি দুই কর্মকর্তাও চার-পাঁচ বছরের মধ্যে অবসরে যাবেন। তাঁরা অবসরে গেলে এ কার্যালয়ে আর কেউ থাকবে কি না, তা তিনি জানেন না।
পাকিস্তান আমলে তৈরি হয় সাত্তার চেম্বার। তখন ভবনের মালিকানা ছিল সীতাকুণ্ডের গুল আহমদ জুট মিলের। দেশ স্বাধীন হওয়ার পর পাটকলগুলো রাষ্ট্রীয়করণ করা হলে সাত্তার চেম্বারকে বিজেএমসির স্থানীয় কার্যালয় করা হয়। চট্টগ্রামের সাতটি পাটকল এবং পাটকলের যন্ত্র ও পেপার টিউব তৈরির আরও দুটি কারখানার উৎপাদন ও ব্যবস্থাপনার কাজ এই কার্যালয় থেকে সমন্বয় করা হয়।
বিজেএমসি সূত্র জানায়, চট্টগ্রাম লিয়াজোঁ কার্যালয়ে আগে প্রশাসনিক, উৎপাদন, হিসাব ও এমআইএস (ম্যানেজমেন্ট ইনভেস্টিগেশন সিস্টেম) বিভাগ ছিল। একসময় এই কার্যালয়ের জনবল ছিল ৩৫ জনের বেশি। কিন্তু প্রায় দুই দশক ধরে এই কার্যালয়ের কোনো কর্মী অবসরে গেলে তাঁর শূন্যস্থান আর পূরণ করা হয় না।
সাত্তার ভবনের নিচতলা একটি ব্যাংককে ভাড়া দেওয়া হয়েছে। দ্বিতীয় তলার পুরোটা ও তৃতীয় তলার অর্ধেক জুড়ে রয়েছে একটি রেস্তোরাঁ। চতুর্থ তলার একপাশ ভাড়া দেওয়া হয়েছে একটি ব্রোকার হাউসকে। বাকি অর্ধেক অংশে বিজেএমসির রপ্তানি শাখা। বিদেশে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এই কার্যালয়টি কিছুটা সরব। এখানে সাতজন কর্মকর্তা ছাড়া আরও কয়েকজন কর্মী রয়েছেন। এই কার্যালয়ের আয়তন ২ হাজার ২৪৩ বর্গফুট। তবে লিয়াজোঁ কার্যালয়ের সঙ্গে এই কার্যালয়ের দাপ্তরিক কোনো সম্পর্ক নেই। আর পঞ্চম তলায় রয়েছে বিজেএমসির বিশ্রামাগার। এর আয়তন ২ হাজার ৯৫০ বর্গফুট।
রেস্তোরাঁর অংশীদার মো. ইসতিয়াক হোসেন প্রথম আলোকে বলেন, মাসিক ৩ লাখ টাকায় তাঁরা বিজেএমসির কাছ থেকে ভবনের প্রায় ১০ হাজার বর্গফুট অংশ ভাড়া নিয়েছেন। ১৪ বছর ধরে পুরোনো এই ভবনের কোনো মেরামত করা হয়নি বলে জানান তিনি। তাঁর দাবি, ভবনের রং-চুনের কাজ নিজ খরচে করেছেন। ভবনের লিফট বেশির ভাগ সময় অচল থাকে। তিনি বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হলে ভবনটি অনেক সুন্দর থাকত, বিজেএমসির আয়ও বাড়ত।
এ বিষয়ে পাট প্রতিমন্ত্রী মির্জা আজম গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৪৫ বছর ধরে চট্টগ্রাম লিয়াজোঁ কার্যালয় পাট ও পাটজাত দ্রব্য ব্যবস্থাপনায় কোনো দক্ষতা দেখাতে পারেনি। অদক্ষ ব্যবস্থাপনার কারণে বছরের পর বছর লোকসান দিয়ে আসছে পাটকলগুলো। অথচ চট্টগ্রামে বিশাল অফিস রয়েছে। তিনি বলেন, ‘আসলে চুরি হলো বড় সমস্যা। চুরির সব পথ বন্ধ করে পাটের সোনালি দিন ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’
এক প্রশ্নের জবাবে মির্জা আজম বলেন, ‘আগ্রাবাদের সাত্তার ভবনের লিয়াজোঁ কার্যালয় নিয়ে ভাবছি না। পুরোনো ভবনটি ভেঙে সেখানে ২৫-৩০ তলা নতুন ভবন করা হবে। আমরা আগ্রাবাদের ওই জায়গার বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করতে চাই।’