তিন কর্মকর্তার দপ্তরে দুই দিন ধরে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষে তালা দেওয়ায় সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রধান হিসাব কর্মকর্তা আ ন ম মনছেফ গতকাল বুধবারও দপ্তরে যাননি। গত সোমবার বিকেলে ক্ষমতাসীন দলের কয়েকজন কাউন্সিলর তাঁদের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
গুরুত্বপূর্ণ তিনটি দপ্তরে দুই দিন ধরে কোনো কাজ না হওয়ায় নগর ভবনে সামগ্রিক কাজে একধরনের স্থবিরতা দেখা দিয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সংগঠন সুজন। সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা পর্যায়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে পুরো বিষয়ে স্থানীয় সাংসদ হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অবহিত করে পরবর্তী করণীয় নির্ধারণের সিদ্ধান্ত হয়। এ জন্য ২৫ অক্টোবর পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিন কর্মকর্তাকে তাঁদের দপ্তরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক মো. লুৎফর রহমান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর মখলিছুর রহমান, আমজাদ হোসেন, ইলিয়াছুর রহমান, শান্তনু দত্ত, সিকন্দর আলী, সাইফুল আমিনর, রকিবুল ইসলাম ও তৌফিক বক্স উপস্থিত ছিলেন।
জানতে চাইলে প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি কী কারণে দপ্তরে যাচ্ছেন না, ছুটিতে আছেন কি না—এমন প্রশ্নেও তিনি কোনো মন্তব্য করেননি। সোমবার বিকেলে সিটি করপোরেশনের ১০ জন কাউন্সিলর তিন কর্মকর্তার দপ্তরে তালা দেন। তখন কাউন্সিলররা বলেছিলেন, সিটি করপোরেশন নির্বাচিত মেয়রবিহীন থাকায় ওয়ার্ডের জনপ্রতিনিধিদের না জানিয়ে বিভিন্ন উন্নয়নকাজ চলছে। জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি না থাকার ক্ষোভে তাঁরা তিনটি দপ্তরে তালা ঝুলিয়েছেন।
তবে একটি সূত্র জানায়, বর্তমানে কারাবন্দী আরিফুল হক চৌধুরী মেয়র থাকার সময়ে সিটি করপোরেশনের মালিকানাধীন লাল দীঘিরপাড় সিটি মার্কেট ভাঙার দরপত্র আহ্বান করা হয়। এতে ১ কোটি ৮০ লাখ টাকা সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু সে সময় মার্কেটের ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দরপত্র স্থগিত রাখা হয়। সম্প্রতি উচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি রিটের শুনানির রায় সিটি করপোরেশনের পক্ষে এলে ক্ষমতাসীন দলের কয়েকজন কাউন্সিলর সমঝোতার মাধ্যমে ১ কোটি ৫ লাখ টাকায় কাজটি নিতে চান। কিন্তু এতে সিটি করপোরেশনের প্রধান তিন কর্মকর্তা বিরোধিতা করায় তাঁদের দপ্তরে তালা দেওয়া হয়।
সুজনের উদ্বেগ: নগর ভবনের তিন প্রধান কর্মকর্তার দপ্তরে তালা দিয়ে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি করায় উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল এক বিবৃতিতে সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘যাঁরা নগর ভবনের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান তিন কর্মকর্তার দপ্তর তালা মেরে দেন, তাঁদের জন প্রতিনিধিত্ব আসলে প্রশ্নবিদ্ধ।’