তিন কর্মকর্তার নির্দেশেই হত্যা লাশ গুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে সাত খুন
নারায়ণগঞ্জে সাত খুন

নারায়ণগঞ্জে সাতজনকে খুন ও লাশ গুম করতে র‌্যাব-১১-এর শীর্ষ তিন কর্মকর্তা অধস্তনদের বাধ্য করেছিলেন। র‌্যাবের গ্রেপ্তার হওয়া পাঁচ সদস্য গতকাল বুধবার আদালতে এই দাবি করেন। ঘটনার বর্ণনা করতে গিয়ে তাঁরা আদালতে কেঁদেও ফেলেন।
গত মঙ্গলবার গভীর রাতে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সাত খুনের ঘটনায় করা পৃথক দুটি মামলায় গতকাল তাঁদের নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে (রিমান্ড) নেওয়ার অনুমতি দেন। এ নিয়ে র‌্যাব-১১-এর আটজন এই মামলায় গ্রেপ্তার হলেন।
গ্রেপ্তার হওয়া র‌্যাবের পাঁচ সদস্য হলেন হাবিলদার মো. এমদাদুল হক, ল্যান্স নায়েক মো. বেলাল হোসেন ও হিরা মিয়া এবং সিপাহী আবু তৈয়ব আলী ও মো. আরিফ হোসেন। এঁদের মধ্যে এমদাদ ও আবু তৈয়ব বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), আরিফ নৌবাহিনীর এবং ল্যান্স নায়েক মো. বেলাল হোসেন ও হিরা মিয়া আনসার বাহিনীর সদস্য। সাত খুনের ঘটনার পর আবু তৈয়ব ও হিরা মিয়াকে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়েছিল। অন্য তিনজন র‌্যাবে কর্মরত ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।
আদালত সূত্র জানায়, নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা হত্যা মামলায় র‌্যাবের পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ। আদালত শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীর আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, র‌্যাবের পাঁচ সদস্য আদালতে বলেছেন, সাতজনকে অপহরণের পর হত্যা ও লাশ গুম করতে তাঁদের বাধ্য করা হয়েছিল। তাঁরা ঘটনার বর্ণনা করতে গিয়ে আদালতে কেঁদে ফেলেন। র‌্যাবের তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানা তাঁদের জোর করে এ কাজে সম্পৃক্ত করেছেন বলেও আদালতকে জানান তাঁরা।
গতকাল সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যাবের ওই পাঁচ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেনি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ কার্যালয় থেকে তাঁদের নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়।
এর আগে গতকাল বিকেল চারটার দিকে র‌্যাবের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে পাঁচজনকে একসঙ্গে নাকি পৃথকভাবে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। কীভাবে এবং কোথা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও তিনি কোনো মন্তব্য করেননি।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটি বড় মামলা। দেশবাসী এই মামলার দিকে তাকিয়ে আছে। তদন্তের জন্য আরও সময় প্রয়োজন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাবের এই পাঁচ সদস্যকে শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকেও এখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই তিনজনই হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এক দিন পর উদ্ধার করা হয় আরও একটি লাশ। এ ঘটনায় নজরুলেরর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পালও ফতুল্লা মডেল থানায় পৃথক হত্যা মামলা করেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আলোচিত এই মামলায় এখন ১৫ জন কারাগারে আছেন। এঁদের মধ্যে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ছাড়াও মামলার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী চার্চিল ও আলী মোহাম্মদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর অপহরণ ও খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন নয়জন। তাঁদের মধ্যে র‌্যাবের ছয় সদস্য আছেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, সাত খুনের ঘটনায় জড়িত বা ঘটনাস্থলে উপস্থিত র‌্যাবের ২৩ সদস্যকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া পাঁচজনও সন্দেহভাজনদের প্রাথমিক তালিকায় ছিলেন। কর্মকর্তারা জানান, ২৩ সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এঁদের ১৮ জনকে আসামি করা হতে পারে। বাকিরা এ মামলার সাক্ষী হতে পারেন।
হত্যাকাণ্ডের প্রায় চার মাস হতে চললেও মামলার তদন্ত শেষ হয়নি। প্রধান আসামি নূর হোসেন ভারতে আটক হয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে।