চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি গতকাল বৃহস্পতিবার কাজ শুরু করেছে। কমিটি গতকাল সকালে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে তিন কর্মকর্তা ও অভিযোগকারীদের বক্তব্য নিয়েছে।
তিন কর্মকর্তা হলেন করপোরেশনের সচিব রশিদ আহমেদ, উপসচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী ও সাবেক প্রধান পরিদর্শক (বিজ্ঞাপন ও প্রমোদ কর) আবুল মনসুর। প্রথম দুজনের বিরুদ্ধে করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এবং অন্যজনের বিরুদ্ধে বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠান স্কাই স্টার অভিযাগ দিয়েছে। এসব অভিযোগ তদন্তে করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৪ মে অতিরক্তি সচিব (প্রশাসন) সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে দায়িত্ব দেয়।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বৃহস্পতিবার তিন কর্মকর্তা ও অভিযোগকারীদের বক্তব্য নিয়েছে।
করপোরেশনের সচিব রশিদ আহমেদ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি লিখিতভাবে জবাব দিয়েছি। কমিটি যা জানতে চেয়েছে, তা বলেছি।’ সাইফুদ্দিন কাতেবী তদন্ত কমিটিকে নিজের বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
করপোরেশনের সাবেক প্রধান পরিদর্শক (বিলবোর্ড ও প্রমোদ কর) আবুল মনসুর বলেন, ‘কমিটির সামনে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। কমিটি যেসব কাগজপত্র চেয়েছে, তার সবগুলো দিয়েছি। কমিটি কাগজপত্র ফটোকপি করে নিয়েছে।’
করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বলেন, ‘অভিযোগের ব্যাপারে যা বলার, তা তদন্ত কমিটিকে বলেছি। এখন বিষয়টি কমিটি বিবেচনা করবে।’
আবুল মনসুরের বিরুদ্ধে অভিযোগকারী স্কাই স্টারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির শারীরিক অসুস্থতার জন্য করপোরেশনে আসতে পারেননি বলে জানিয়েছেন।