তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অন্য দুই কর্মকর্তা হলেন করপোরেশনের উপসচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী ও সাবেক প্রধান পরিদর্শক (বিজ্ঞাপন ও প্রমোদ কর) আবুল মনসুর।
সিটি করপোরেশন সূত্র জানায়, ১৪ মে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সৌরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ তদন্তে কমিটির সদস্যরা ২০ মে সিটি করপোরেশনে আসবেন। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সূত্র জানায়, সচিব রশিদ আহমেদ ও উপসচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবীর বিরুদ্ধে গত ২০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। চিঠিতে বলা হয়, এ দুই কর্মকর্তা করপোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবলকে শিক্ষা বিভাগ পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য বিভাগে বদলি করেন। এতে স্বাস্থ্যসেবা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি শিক্ষার মানও ধ্বংসের দ্বারপ্রান্তে। এ ছাড়া চিঠিতে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ আনা হয়।
এদিকে স্কাই স্টার নামের বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হুমায়ুন কবির করপোরেশনের সাবেক প্রধান পরিদর্শক আবুল মনসুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গত ১৫ এপ্রিল মেয়রকে চিঠি দেন।
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ অনিয়মের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কমিটিকে স্বাগত জানাই। সবকিছু তদন্ত করলে কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তির অনেক কিছু বেরিয়ে আসবে।’ তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে আরবান হেলথ প্রকল্পের অধীনে ৫৯০ জন কর্মরত ছিলেন। ২০১২ সালের ৩১ ডিসেম্বর এই প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর তাঁদের করপোরেশনে আত্তীকরণ করে বেতন-ভাতা দেওয়া হতো। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আশানুরূপ রোগী না আসায় করপোরেশনের অর্থের অপচয় হচ্ছিল। এ জন্য যোগ্যতা অনুযায়ী করপোরেশনের শিক্ষাসহ বিভিন্ন বিভাগে তাঁদের বদলি করা হয়। কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছিল।
এদিকে আবুল মনসুর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।