অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানায় নামজারি করে দেওয়ার অভিযোগে তিন সরকারি কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. নাসির উদ্দিন আগামী সপ্তাহে রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করবেন। দুদক সূত্র প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, ওয়ারি এলাকার ৭০ একর এবং বিসিসি রোডস্থ ৮৮ একর সম্পত্তির মালিক ১৯৪৭ সালে ভারতে চলে গেলে আইন অনুসারে ‘অর্পিত সম্পত্তি’ হিসেবে রেকর্ড হয়। পরে কোতোয়ালি থানার তৎকালীন এসি ল্যান্ড ও অন্য দুই ভূমি কর্মকর্তার সহায়তায় নামজারি করে কথিত ১১ খরিদদার পুরো এ অর্পিত সম্পত্তি ভোগদখল করেন। দুদকের অনুসন্ধানে অভিযোগ প্রমাণ হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলার সুপারিশ করে প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা। এর পরিপ্রেক্ষিতে কমিশন মামলার অনুমোদন দেয়।
যাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে তাঁরা হলেন, কোতোয়ালি সার্কেলের সাবেক এসি ল্যান্ড মো. আনিসুর রহমান (বর্তমানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট), একই সার্কেলের সাবেক এসি ল্যান্ড হুমায়ুন মোল্লা এবং সার্ভেয়ার সমর চন্দ্র সূত্রধর, ওয়ারী বিসিসি রোডের বাসিন্দা ও জমির কথিত খরিদদার তৈমুর আলী খান রাজু, মুক্তার আলী খান, আক্তার আলী খান, শামীমা জামান বেলা, মুসলিমা খাতুন বীনা, রাহিমা আক্তার রুমা, কানিজ ফাতিমা সীমা, শাহনাজ বেগম শাহানা, জিনাত সাদেক আলো, ফয়জুল সাদেক জোছনা ও সানজিদা সাদেক খুশি।