সড়ক দুর্ঘটনায় গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জে এক কলেজছাত্র এবং বরিশালে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন রাজশাহী ও দিনাজপুরে আরও দুজন নিহত হন। এর আগে সোমবার রাতে কুড়িগ্রামে বাসচাপায় দুই কলেজছাত্র নিহত হন।
কুড়িগ্রামে নিহত দুই কলেজছাত্র হলেন কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র উৎপল কুমার বিশ্বাস (২২) ও তাঁর বন্ধু গণিত বিভাগের স্নাতকের (সম্মান) একই বর্ষের ছাত্র সুমন দাস (২৩)।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে রংপুর থেকে কুড়িগ্রামে আসছিলেন উৎপল ও সুমন। কুড়িগ্রাম সদরের ত্রিমোহিনী হেনাইজেরতল এলাকায় ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই উৎপল নিহত হন। গুরুতর আহত সুমনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উৎপলের বাড়ি ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গায়। সুমনের বাড়ি উলিপুর উপজেলার ফরকেরহাট বালাকান্দি গ্রামে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস ছোবহান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।
কিশোরগঞ্জে নিহত কলেজছাত্রের নাম মো. সাজ্জাদ হোসেন। তিনি কটিয়াদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সাজ্জাদ হোসেন আহত হন। গুরুতর অবস্থায় কটিয়াদী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল সকাল সাড়ে আটটায় কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সদর উপজেলার সতাল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী করিমগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান আহত হন। তাঁকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
বরিশালে নিহত ব্যক্তিরা হলেন প্রাইভেটকারের চালক মিহির ওরফে সমীর (৩৮), মনির হোসেন (৩৫) ও গোলাম কাদের ঢালী (৪৩)। মিহির বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন। মাছ ব্যবসায়ী মনির হোসেন বরিশাল নগরের রূপাতলী এলাকার এবং গোলাম কাদের হিজলা উপজেলার হিজলাটেক গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ জানায়, গতকাল খুলনা থেকে আসা প্রাইভেটকারটি দ্রুতগতিতে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ এলাকা অতিক্রম করছিল। সকাল সাড়ে ছয়টার দিকে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থালেই গাড়ির চালকসহ দুজন নিহত হন। আহত অন্য একজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
রাজশাহীতে গতকাল দুপুরে ট্রাকচাপায় সাইকেলের এক আরোহী নিহত হন। তাঁর নাম জনাব আলী (৪০)। তিনি মাছ ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি রাজশাহী নগরের চৌমুহনী এলাকায়। নগরের নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহমখদুম থানার ওসি জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
দিনাজপুরের ঘোড়াঘাটে গতকাল বিকেলে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মো. ইব্রাহিম (২৭) নামের এক তরুণ নিহত হন। তিনি উপজেলার চাঁদপাড়া গ্রামের মো. ইজ্জত আলীর ছেলে। ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এম এ আনোয়ার হোসেন বলেন, সাইকেলে করে সিংড়া গ্রামে যাওয়ার পথে সিংড়া-কলাবাড়ী মাজার মোড়ে বালুবাহী ট্রাক্টর ইব্রাহিমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন লাশ নিয়ে যান।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক রাজশাহী, বরিশাল ও কুড়িগ্রাম অফিস এবং কিশোরগঞ্জ ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি}