তিন কলেজশিক্ষার্থীসহ চার জেলায় নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উল্টো পথে আসা একটি কাভার্ড ভ্যান থামাতে সিগন্যাল দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিগন্যাল অমান্য করে তাঁর ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেন চালক। এতে নিহত হন পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন (২৬)। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুরে এ দুর্ঘটনাসহ আরও চার জেলায় মোট আটজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন কলেজশিক্ষার্থী।

এ নিয়ে গত ১৫৫ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ১ হাজার ৫৭৮ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

গাজীপুরের কালিয়াকৈরে উল্টো পথে আসা একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে পুলিশের কনস্টেবল সাদ্দাম হোসেন নিহত হয়েছেন। তিনি চন্দ্রা মোড়ে দায়িত্ব পালন করছিলেন। তিনি ময়মনসিংহের ভালুকা থানার ঘোয়ারী এলাকার আবদুস সালামের ছেলে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুজন এবং আনোয়ারায় একজনসহ তিন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী লেগুনার সংঘর্ষে নিহত হন দুই ছাত্রী। তানজিদা আক্তার ও তানজিনা আক্তার নামে ওই দুই শিক্ষার্থী সীতাকুণ্ড মহিলা কলেজে পড়তেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

আনোয়ারা উপজেলার কালাবিরি দীঘির মোড়ে বিকেলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন কলেজছাত্র নিহত ও চারজন আহত হন। নিহত কলেজছাত্রের নাম বিকাশ শীল (১৯)। তিনি বোয়ালখালীর স্যার আশুতোষ কলেজে বিবিএ পড়তেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার পর বিকাশের ভাবি বাপ্পী শীল (৩০) মারা যান।

নাটোরের গুরুদাসপুরে একটি বাস ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী রমেছা (৬৭) ঘটনাস্থলেই নিহত হন। ঢাকা থেকে নাটোরগামী বাস আরপি এলিগ্যান্স বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা মোড়ে পৌঁছালে সকালে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বাড়ি উল্লাপাড়া উপজেলার শাজাহানপুরে।

নেত্রকোনায় অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে শারমিন আক্তার (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের ইমাম হোসেনের স্ত্রী। বিকেলে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার বনুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

যশোরের শার্শা উপজেলায় সোমবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত মাদ্রাসাছাত্র সুজন হোসেন (১৫) ওই রাতে মারা গেছে। শার্শা উপজেলার দীঘিরপাড় গ্রামের মতিউর রহমানের ছেলে সুজন বেনাপোল এম ইউ সিনিয়র মাদ্রাসায় দশম শ্রেণিতে পড়ত।