তিন কাঁচাবাজার আজ থেকে ফরমালিনমুক্ত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের তিনটি কাঁচাবাজারকে আজ বৃহস্পতিবার থেকে ফরমালিনমুক্ত করা হচ্ছে। এ জন্য স্থাপন করা হচ্ছে ফরমাল ডিহাইড মিটার। চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করবেন।পুলিশ সূত্র জানায়, নগরের কাজীর দেউড়ি, চৌমুহনীর সিডিএ কর্ণফুলী ও ষোলশহরের কর্ণফুলী কাঁচাবাজারকে প্রথম দফায় ফরমালিনমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরের পাইকারি মাছের আড়তসহ আরও কয়েকটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত করা হবে। ফরমাল ডিহাইড মিটারগুলো যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। যন্ত্রগুলো পরিচালনার জন্য নগর পুলিশের ১৮ জন নারী সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।নগর পুলিশের সহকারী কমিশনার (সদর) মাহমুদা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, মাছ, শাকসবজি ও ফলমূলের ফরমালিন পরীক্ষার যন্ত্র ফরমাল ডিহাইড মিটার যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। প্রতিদিন তিন পালায় কাঁচাবাজারগুলোতে ফরমালিন পরীক্ষা করা হবে। এ ছাড়া অযান্ত্রিক (ম্যানুয়াল) পদ্ধতিতেও ফরমালিনের পরীক্ষা হবে। এ জন্য প্রয়োজনীয় রাসায়নিক আনা হচ্ছে।সূত্র জানায়, ঢাকাভিত্তিক একটি প্রতিষ্ঠান ফরমাল ডিহাইড মিটারগুলো যুক্তরাষ্ট্র থেকে এনেছে। প্রতিটি যন্ত্রের দাম পড়েছে এক লাখ ২৬ হাজার টাকা। চট্টগ্রামের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান এই কার্যক্রম পরিচালনার জন্য বড় অঙ্কের টাকা দিয়েছে। এই টাকা দিয়ে পর্যায়ক্রমে নগরের অন্য কাঁচাবাজারগুলোতেও ফরমাল ডিহাইড মিটার বসানো হবে।