তিন কাউন্সিলর প্রার্থীর নির্বাচন নিয়ে শঙ্কা
তফসিল ঘোষণার পর সীমানা নির্ধারণ না করেই কুমিল্লার হোমনা পৌরসভার গোয়ারীভাঙ্গা গ্রামকে ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত করা হয়। এরপর ওই এলাকা থেকে তিনজন কাউন্সিলর প্রার্থী হন। গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় ওই এলাকাকে বাদ দিয়ে আগের সীমানা অনুযায়ী নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন।
এ অবস্থায় ওই তিন প্রার্থীর নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাঁরা হলেন মো. বাদশা মিয়া, নাজমুল ইসলাম ও মুরশিদ আলম। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো অবস্থাতেই সীমানা নির্ধারণ না করে নতুন এলাকা অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। এ কারণে গোয়ারীভাঙ্গা গ্রামে ২ হাজার ১৫০ জন ভোটারও পৌর নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, গোয়ারীভাঙ্গা গ্রামকে পৌরসভায় নেওয়া হয়েছে। কিন্তু ওই এলাকার সীমানা নির্ধারণ করা হয়নি। কমিশন ওই এলাকা ছাড়া নির্বাচন করার জন্য বলেছে।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, গত ২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৬ নভেম্বর সীমানা নির্ধারণ না করে হোমনার ৯ নম্বর ওয়ার্ডের গোয়ারীভাঙ্গা গ্রামকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হয়। ৩০ নভেম্বর বিষয়টি হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও হোমনা পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল জেলা নির্বাচন কর্মকর্তাকে জানান। ১ ডিসেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম এ বিষয়ে নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের কাছে চিঠি দেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় পুরোনো সীমানা অনুযায়ী নির্বাচন করার জন্য নির্দেশ দেন। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে ওই চিঠি দেন। এতে উল্লেখ করা হয়, ‘হোমনা পৌরসভা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই পৌরসভার সীমানা পুনর্গঠন-সংক্রান্ত গত ২৬ নভেম্বরের প্রজ্ঞাপন স্থগিত করার জন্য অনুরোধ করা গেল।’ এতে করে গোয়ারীভাঙ্গা গ্রামের তিন প্রার্থীর আর নির্বাচন করার সুযোগ থাকছে না।
ওই তিনজনের একজন কাউন্সিলর প্রার্থী বাদশা মিয়া বলেন, ‘শুনেছি সীমানা নিয়ে জটিলতা আছে। নির্বাচন করতে না পারলে রিট করব।’
প্রার্থী নাজমুল ইসলাম বলেন, ‘রোববার (আগামীকাল) পর্যন্ত অপেক্ষা করব। এরপর আইনি প্রক্রিয়ায় নামব।’
অপর প্রার্থী মুরশিদ আলম বলেন, ‘মিটিংয়ে আছি। পরে কথা বলব।’
রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিল গত বৃহস্পতিবার বলেন, সীমানা নির্ধারণ না করায় ওই এলাকাকে বাদ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করার পক্ষে মত দিয়েছে।