তিন কারখানার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যাঁতসেঁতে ঘিঞ্জি পরিবেশে তৈরি হচ্ছিল লাচ্ছা সেমাই। খালি গায়ে পায়ে দলে তৈরি করা হচ্ছিল খামির। মেশানো হচ্ছিল স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কাপড়ের রং। খোলা জায়গায় রাখা খামিরের ওপর ভনভন করছিল মাছি।
গতকাল শনিবার বগুড়ার মোকামতলা ও চাকলমা বাজারে তিনটি কারখানায় এভাবে তৈরি হচ্ছিল সেমাই। হাতেনাতে ধরে কারখানার মালিকদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) হাবিবুল হাসান। চাকলমা বাজারের রায়হান লাচ্ছা সেমাই কারখানার মালিক রায়হান আলীকে ২০ হাজার, মোকামতলা বাজারের শামিম লাচ্ছা কারখানার মালিক শামিম হোসেনের ৫০ হাজার ও অন্য একটি কারখানার মালিক আহসান হাবিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আদালত বগুড়ার সোনাতলা উপজেলায় পোলট্রি খামারে পায়ে দলে লাচ্ছা সেমাই তৈরির কারখানাতেও অভিযান চালান। তবে টের পেয়ে অভিযানের আগেই কারখানা বন্ধ করে সরে পড়েন মালিক তৌফিকুল ইসলাম।
গতকাল প্রথম আলোয় ‘পোলট্রি খামারে পায়ে দলে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। এরপর খাদ্যে ভেজালবিরোধী অভিযানে নামেন ভ্রাম্যমাণ আদালত।
আদালতের বিচারক হাবিবুল হাসান বলেন, প্রথম আলোয় প্রতিবেদনটি দেখে সোনাতলায় পোলট্রি খামারের সেই লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযানে গেলে কারখানা বন্ধ করে মালিক ও কারিগরেরা সরে পড়েন। পরে অন্য কারখানায় অভিযান চালানো হয়।