তিন কারখানার মালিকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (সাবেক মহিলা) শাখায় ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে প্রায় ৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে তিনটি কারখানার ১১ জন মালিক ও কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের ওই শাখার দুই কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর উপসহকারী পরিচালক সিরাজ উদ্দিন গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাগুলো করেন।
একটি মামলার এজাহারে বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া এলাকার মেসার্স শুভ ফ্যাশনসের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম ও আবদুর রশিদ ২০০৬ সালের ৩০ অক্টোবর ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে পরস্পর যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৫১২ টাকা ঋণ নেন। ওই টাকা সুদে-মূলে ২২ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৫২৪ টাকা হয়। আসামিরা টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন।
অপর মামলায় বলা হয়েছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল পাঠানটুলী এলাকার মেসার্স বি আর ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা অংশীদার ফিরোজ আহমেঞ্চদ ২০০৫ সালের ১৫ মার্চ ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ১০ কোটি ২৭ লাখ ৫০ হাজার ৭১৩ টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেন।
মামলায় প্রতিষ্ঠানের অপর অংশীদার ফরিদ আহমেঞ্চদ, নুরুল ইসলাম ও জাকিয়া আহমেঞ্চদকে আসামি করা হয়েছে।
অন্য মামলার এজাহারে বলা হয়েছে, ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরের মিলেনিয়াম নিটওয়্যার লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হক ২০০৩ সালের ২১ জুন ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ১২ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৪০৬ টাকা ঋণ নেন। সুদে-আসলে তা ১৭ কোটি ৭১ লাখ ৭৪ হাজার ১৩৪ টাকা দাঁড়ায়। আসামিরা টাকা পরিশোধ না করেই আত্মসাৎ করেন।
মামলায় আরও আসামি করা হয়েছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমদাদুল হক, সাবেক পরিচালক আবুল কালাম আজাদ, ফিরোজ ওয়াহিদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে।
তিনটি মামলায় সোনালী ব্যাংকের সাবেক মহিলা শাখার সাবেক ব্যবস্থাপক আবদুস সামাদ ও জ্যেষ্ঠ কর্মকর্তা সিরাজুল ইসলামকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলাগুলো দুদকের কর্মকর্তারা তদন্ত করবেন।